পিরোজপুর অফিস
মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, আমাদের শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে, দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হলে, নৈতিকতার শিক্ষা দেওয়ার কোনো বিকল্প নেই। নীতিহীন এবং মূল্যবোধহীন শিক্ষার সার্টিফিকেট চাকরি দিতে পারে কিন্তু প্রকৃত মানুষ করতে পারে না। মন্ত্রী গতকাল শনিবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের পিরোজপুর জেলার অনলাইন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন।
পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম। এছাড়া অনলাইনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রণজিত্ কুমার দাস, অতিরিক্ত সচিব মোয়াজ্জেম হোসেন, উপসচিব সৌরেন্দ্র নাথ দাস, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ঝুমুর বালা, সদর উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি মুনিরুজ্জামান নাসিম, মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বিমল কুমার মণ্ডল, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বরিশালের ট্রাস্টি সুরঞ্জিত দত্ত লিটু ও সাংবাদিক মাহমুদ হোসেন।
মানবিক মূল্যবোধ ও নৈতিকতাসম্পন্ন জাতি গঠনে মন্দিরভিত্তিক শিক্ষা ও গণশিক্ষা কার্যক্রম শীর্ষক প্রকল্পের ভূমিকা নিয়ে আয়োজিত কর্মশালায় মন্ত্রী আরো বলেন, আমাদের জীবন অতি সংক্ষিপ্ত। তাই জীবদ্দশায় মানবতার কল্যাণে নিয়োজিত হতে হবে। আধুনিকতার নামে সভ্যতা, মানবিকতা ধ্বংস হচ্ছে কি না তা ভেবে দেখতে হবে। মন্ত্রী মন্দিরভিত্তিক শিক্ষা ক্ষেত্রে বিরাজমান সমস্যা সমাধানে আশ্বাস দিয়ে বলেন, এই কার্যক্রমকে আরো গতিশীল করতে কেন্দ্র শিক্ষকদের যথেষ্ট আন্তরিকতার সঙ্গে শিশুদের মানবিক মূল্যবোধ ও নৈতিকতা শিক্ষা দিতে হবে।