ঘুড়ি :সতর্কতার পরামর্শ ধামরাই পল্লী বিদ্যুতের

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম অংশ ঘুড়ি উড়ানো নিয়ে ধামরাই পল্লী বিদ্যুত্ সমিতি-৩-এর পক্ষ থেকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ ও সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে। ধামরাই জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার খালিদ মোহাম্মদ সালাহউদ্দিন জানান, দুই বছর আগে ধামরাই উপজেলা শতভাগ বিদ্যুতায়িত হয়েছে। ফলে উপজেলা জুড়ে জালের মতো বিদ্যুতের লাইন বসানো রয়েছে। রাতে ঘুড়ির সঙ্গে অনেকে এক ধরনের ইলেকট্রিক সার্কিট ব্যবহার করে থাকেন। ঐ সার্কিটসহ কোনো ঘুড়ি বৈদ্যুতিক লাইনে পড়লে বিদ্যুত্ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে। এমনকি মারাত্মক দুর্ঘটনাও ঘটতে পারে। বৃষ্টির সময় কিংবা ভেজা সুতাসহ ঘুড়ি বৈদ্যুতিক তারের ওপর পড়লে ঘুড়িওয়ালা তড়িতাহত হতে পারেন এমনকি প্রাণহানিও ঘটতে পারে। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে বৈদ্যুতিক লাইনের পাশে বা ঝুঁকিপূর্ণ স্থানে ঘুড়ি না উড়ানোর জন্য তিনি ঘুড়ি আমোদীদের প্রতি অনুরোধ জানিয়েছেন এবং বৈদ্যুতিক খুঁটি কিংবা তারে ঘুড়ি জড়িয়ে গেলে সেটা ধরতে বা নামিয়ে আনতে বারণ করেছেন।