সিলেট খাদিমপাড়া ৩১ শয্যা হাসপাতালে করোনা আইনোলেশন সেন্টারের কার্যক্রম শুরু হয়েছে। এটি চালুর মাধ্যমে সিলেট নগরীতে এখন দুটি করোনা হাসপাতালে চিকিত্সা হবে। দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও শিগিগরই করোনা চিকিত্সা চালু করা হচ্ছে। এটি চালু হলে সিলেটে সরকারিভাবে তিনটি হাসপাতালে মোট ১৬২ শয্যায় করোনা চিকিত্সা দেওয়া সম্ভব হবে। সূত্র মতে, এই দুটি হাসপাতালে সরকারিভাবে জনবল দেওয়া হচ্ছে। অক্সিজেন সিলিন্ডারসহ সবকিছুর ব্যবস্থা করবে ‘সিলেট কিডনি ফাউন্ডেশন’। কিডনি ফাউন্ডেশনকে সহযোগিতা করছে জালালাবাদ অ্যাসোসিয়েশন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী সিলেটীরা।
শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৩১ শয্যার খাদিমপাড়া হাসাপাতালটি করোনার আইসোলেশন সেন্টার হিসেবে উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। এসময় তিনি বলেন, করোনা মোকাবিলায় সচেতনতার সঙ্গে কাজ করতে হবে। সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তিনি বলেন, ওসমানী মেডিক্যালে আরেকটি ল্যাব নির্মাণের কাজ চলছে।
জেলা সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডলের সঞ্চালনায় উদ্বোধনকালে খাদিমপাড়া হাসপাতালে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সুলতানা রাজিয়া, মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম, জেলা প্রশাসক কাজী এম এমদাদুল ইসলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, বিভাগীয় স্বাস্থ্য সহকারী পরিচালক ডা. মো. আনিসুর রহমান, সিলেট জেলা সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ ও খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আফছর আহমদ খাদিমপাড়া ৩১ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জালাল উদ্দিন প্রমুখ।