সকালে আসামি গ্রেফতার রাতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত

সাতকানিয়ায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে ছুরিকাঘাতে খুন হওয়া মোসাদ্দেকুর রহমান হত্যা মামলার আসামি মো. আবদুল হান্নান ওরফে সোহেল (৩২) কথিত বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে দক্ষিণ রূপকানিয়া কোতোয়াল দীঘি এলাকায় এ ঘটনা ঘটে। সাতকানিয়া থানার ওসি মো. সফিউল কবীর এ তথ্য জানান। সোহেল বড় বারদোনা আদর্শ পাড়ার আবদুল আলীমের ছেলে। একই দিন সকালে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার গহীন পাহাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সদর ইউনিয়নে গঠিত মাদক নির্মূল কমিটির আহ্বায়ক ছিলেন হোটেল ব্যবসায়ী মোসাদ্দেকুর রহমান।

ওসি সফিউল কবীর বলেন, ‘গ্রেফতারের পর রাতে সোহেলকে নিয়ে হত্যাকাণ্ডে ব্যবহূত ছুরি উদ্ধার করতে যাই। এ সময় সোহেলের চার-পাঁচ জন সহযোগী   গুলি ছোড়ে। পুলিশও গুলি ছোড়ে। এতে তার সহযোগীদের গুলিতে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। বন্দুকযুদ্ধকালে পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ, সহকারী উপ-পরিদর্শক মো. জিহাদ আলী, কনস্টেবল কামরুল হাসান, সবুজ মিয়া ও নাজমুল হাসান আহত হন। ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি এলজি ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনটি মামলা হয়েছে।’

উল্লেখ্য, গত ২২ জুন হত্যাকাণ্ডের সময় মোসাদ্দেকের ছোট ভাই মো. ফয়সালও গুরুতর আহত হন। ফয়সাল হাসপাতালে এখনো চিকিত্সাধীন।