শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে নীলফামারীর উত্তরা ইপিজেডের এভারগ্রীন বিডি ফ্যাক্টরির বিক্ষুব্ধ শ্রকিকেরা ফ্যাক্টরির মূল ফটক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। তারা দফায় দফায় বিক্ষোভ করে। এ সময় পুড়িয়ে দেওয়া হয় ১১টি মোটরসাইকেল, ভাঙচুর করা হয় মানবসম্পদ বিভাগের কম্পিউটার। পুড়িয়ে দেওয়া হয় গুরুত্বপূর্ণ কাগজপত্র। শনিবার সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত শ্রমিকরা ছাঁটাইকৃতদের পুনর্বহালের দাবিতে বিক্ষোভ অব্যাহত রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ ও র্যাব। জানা যায়, এভারগ্রীন কারখানায় কয়েকদিন ধরেই শ্রমিক ছাঁটাইয়ের প্রক্রিয়া চলছিল। ফলে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। সকালে একত্রিত হয়ে কারখানার সামনে বিক্ষোভ প্রদর্শন করলে কর্তৃপক্ষ বাধা দেওয়ায় উত্তেজিত শ্রমিকরা কারখানায় আগ্নিসংযোগ ও ভাঙচুর করে। পরে জেলা প্রশাসক ও জেলা অতিরিক্ত পুলিশ সুপারের উপস্থিতিতে শ্রমিকদের দাবি মেনে নেওয়ার অঙ্গীকার করলে পরিস্থিতি শান্ত হয়। উত্তরা ইপিজেডের জেনারেল ম্যানেজার মোহাম্মদ এনামুল হক জানান, শুধু এভারগ্রীন ফ্যাক্টরিতে কিছু সমস্যা দেখা দিয়েছে। অন্য ফ্যাক্টরিগুলোতে কোনো সমস্যা নেই।