মোংলায় শ্রমিক সংঘের নেতাকে মারধর, প্রধান আসামি কারাগারে

মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক সেন্টুকে মারধর ও কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। প্রধান অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন মোংলা থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী। এদিকে এ বিষয়ে গত কয়েক দিন ধরে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ায় অভিযুক্তরা সংশ্লিষ্ট সংবাদকর্মীদেরও প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রধান আসামি ও শ্রমিক নেতা এ কে এম শাহাবুদ্দিনকে গতকাল বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জানা যায়, শুক্রবার রাতে শ্রমিকনেতা সেন্টু শ্রমিকদের ত্রাণ দেওয়ার জন্য খাদ্যসামগ্রী প্রস্তুত করছিলেন। এ সময় এ কে এম শাহাবুদ্দিন (৫৬), মো. মাহাবুবুর রহমান মানিক (৪৮), মো. ফরিদুল আলম মজুমদার (৫৭), মো. মাহাবুবুর রহমার শেখসহ (৪৬) আরো অজ্ঞাতপরিচয় ১৪-১৫ জন হামলা চালান। তারা মারধর ও ভাঙচুর করে ৩০-৪০ বস্তা ত্রাণের মালামাল লুট করে নেন। সংঘের নেতা সেন্টু বাদী হয়ে মামলা করেন। শাহাবুদ্দিন গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিলুপ্ত মোংলা বন্দর শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক ছিলেন।