রাজধানী ওয়াশিংটন ডিসিকে ৫১তম অঙ্গরাজ্য করতে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে শুক্রবার একটি বিল পাশ হয়েছে। ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি ২৩২-১৮০ ভোটে ঐতিহাসিক বিলটি পাশ হয়। তবে সিনেটে বিলটি পাশের সম্ভাবনা নেই। কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ রিপাবলিকান পার্টির নেতারা ফেডারেল ডিসট্রিক ওয়াশিংটন ডিসিকে অঙ্গরাজ্য করতে রাজি নয়।
প্রসঙ্গত, ওয়াশিংটন ডিসিকে ৫১তম স্টেটে পরিণত করার পরিকল্পনা অনেক পুরোনো। তবে এই দাবিটির প্রতি ইদানীং জনসমর্থন ব্যাপকভাবে বেড়েছে বর্ণবাদবিরোধী আন্দোলনের পরিপ্রেক্ষিতে। বিশেষ করে, এই আন্দোলন দমনে হোয়াইট হাউজ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের অসংলগ্ন কথাবার্তা এবং বিক্ষোভ দমনে সেনাবাহিনী লেলিয়ে দেওয়ার মতো মনোভাবের বিরুদ্ধে সিটির মেয়র ম্যুরিয়েল বাউসারের দৃঢ় অবস্থান সমগ্র জনগোষ্ঠীকে আরো ঐক্যবদ্ধ করেছে। ওয়াশিংটন ডিসির মোট অধিবাসী ৭ লাখের মতো। এর সিংহভাগই হলেন কৃষ্ণাঙ্গ আমেরিকান। এ জন্যই এখন পর্যন্ত রিপাবলিকানরা ওয়াশিংটন ডিসিকে ৫১তম স্টেট হিসেবে স্বীকৃতি দেননি। সিনেট এখনো রিপাবলিকানদের দখলে থাকায় প্রতিনিধি পরিষদে বিলটি পাশ হলেও নভেম্বরের নির্বাচনের পর পর্যন্ত অপেক্ষা করতে হবে এই স্বপ্নের বাস্তবায়ন ঘটাতে।