বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যবসায়ী লোকমান হোসেন খোকন সিকদারকে (৪০) শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার লাশ উদ্ধার করে গতকাল শনিবার ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে পুলিশ। খোকন সিকদার ফুলতলা গ্রামের মোসলেম আলী সিকদারের পুত্র।
এয়ারপোর্ট থানার ওসি এস এম জাহিদ বিন আলম জানান, খোকন সিকদার রাত ১১টার দিকে রক্তাক্ত অবস্থায় দৌড়ে এসে মাধবপাশা বাজারের গ্রামীণ ব্যাংকের সামনে পড়ে যান এবং সেখানেই তার মৃত্যু হয়। তার বুক ও হাতসহ শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে কী কারণে এবং কারা হত্যা করতে পারে সে বিষয়ে তার স্বজনরা কিছুই বলতে পারেননি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। ঘটনার পর থেকেই খুনের রহস্য উদ্ঘাটন করতে হত্যাকারীদের গ্রেফতারের জন্য পুলিশের তদন্ত চলছে। পাশাপাশি এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। অপরদিকে আওয়ামী লীগ নেতার খুনিদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
মেহেন্দিগঞ্জে গৃহকর্মীকে ধর্ষণ
এদিকে বরিশাল অফিস ও মেহেন্দিগঞ্জ সংবাদদাতা জানান, মেহেন্দিগঞ্জের ৩ নম্বর চর এককরিয়া ইউপির চরলতা গ্রামে এক গৃহকর্মীকে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। জানা গেছে, সাত-আট মাস পূর্বে ঐ গ্রামের এক কিশোরী (১৫) জুয়েল শাহর বাড়িতে কাজ নেয়। এরপর নানান ভয়ভীতি দেখিয়ে জুয়েল শাহ তাকে ধর্ষণ করেন। পরে বিয়ের প্রলোভন দেখান জুয়েল। এক পর্যায়ে ঐ কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরবর্তীতে গৃহকর্মীকে বরিশাল এনে ছয় মাসের ভ্রূণ নষ্ট করে ফেলা হয়। এ ঘটনায় শুক্রবার রাতে ঐ গৃহকর্মীর বাবা থানায় মামলা করেন। ওসি আবিদুর রহমান জানান, ‘অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।’ জানা গেছে, গত ১৫ দিন আগে এ ঘটনায় স্থানীয়ভাবে সালিশ বৈঠকের মাধ্যমে ৩ লাখ টাকায় রফাদফা করেন সালিশদাররা। ঐ টাকার সিংহভাগই সালিশদাররা নিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। পুলিশ বিষয়টি জানতে পেরে গৃহকর্মীর পিতাকে এ ঘটনায় সহায়তার আশ্বাস দিলে মামলা করা হয়।