করোনা আক্রান্ত তিন মন্ত্রীই সুস্থ

করোনা ভাইরাসে আক্রান্ত সরকারের তিন মন্ত্রীই (যাদের তিন জনই সংসদ সদস্য) এখন সুস্থ। তারা হলেন- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। বাণিজ্যমন্ত্রী করোনা জয় করে গতকাল শনিবার হাসপাতাল ছেড়ে বাসায় ফিরেছেন। করোনামুক্ত হয়ে ২৪ জুন হাসপাতাল থেকে বাসায় যান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী। আর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সুস্থ হয়ে বাসায় ফিরেন গত ২১ জুন। এছাড়া কোভিড-১৯ এ আক্রান্ত হওয়া চলতি একাদশ জাতীয় সংসদের আরো ১২ জন সদস্যের মধ্যেও কয়েকজন ইতিমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বাকিদের অ্বস্থাও উন্নতির দিকে বলে খোঁজ নিয়ে জানা গেছে।

গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল (আগের এপোলো) থেকে বাসায় যান। চিকিত্সকদের পরামর্শমতো বাণিজ্যমন্ত্রী আরো কিছুদিন বিশ্রামে থাকবেন। তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দোয়া কামনা করেছেন। উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয়ে টিপু মুনশি গত ১৭ জুন এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন।

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের আওয়ামী লীগ দলীয় এমপি উপাধ্যক্ষ আবদুস শহীদও করোনামুক্ত হয়ে গতকাল রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে উত্তরার বাসায় ফিরেছেন। সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের গণফোরাম দলীয় সংসদ সদস্য মোকাব্বির খান ২১ জুন সিএমএইচ থেকে বাসায় আইসোলেশনে গেছেন। শারীরিক কোনো সমস্যা না থাকায় চিকিত্সকরা তাকে ঐদিন হোম আইসোলেশনে পাঠিয়েছেন।

চলতি সংসদের সদস্যদের মধ্যে সর্বপ্রথম করোনায় আক্রান্ত হন নওগাঁ-২ আসনের আওয়ামী লীগ দলীয় এমপি শহীদুজ্জামান সরকার। ইতিমধ্যে তিনি সুস্থ হয়েছেন। আর সর্বশেষ নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে সংরক্ষিত মহিলা আসনের আওয়ামী লীগ দলীয় এমপি ফেরদৌসী ইসলামের। তিনি বর্তমানে ঢাকার সংসদ সদস্য ভবনে (ন্যাম ভবনে) আইসোলেশনে থেকে চিকিত্সা নিচ্ছেন।

করোনায় আক্রান্ত অন্য এমপিরা হলেন- সাবেক এলজিআরডি মন্ত্রী ও ফরিদপুর-৩ আসনের খন্দকার মোশাররফ হোসেন, নড়াইল-২ আসনের মাশরাফি বিন মুর্তজা, যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের রণজিত কুমার রায়, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের এবাদুল করিম, জামালপুর-২ আসনের ফরিদুল হক খান, চট্টগ্রাম-১৬ আসনের মোস্তাফিজুর রহমান চৌধুরী, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের মোছলেম উদ্দিন আহমেদ ও রাজশাহী-৪ আসনের ইঞ্জিনিয়ার এনামুল হক।

প্রসঙ্গত, করোনায় আক্রান্ত হয়ে গত ১৩ জুন মৃত্যুবরণ করেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি। একইদিন মৃত্যুবরণ করেন টেকনোক্র্যাট কোটায় ধর্ম প্রতিমন্ত্রী হওয়া শেখ মো. আব্দুল্লাহ। এছাড়া সংসদ সচিবালয়ে ও সংসদ এলাকার ভেতরে অবস্থিত অন্যান্য সরকারি দপ্তরে কর্মরত প্রায় ১০০ জন কর্মকর্তা-কর্মচারী ইতিমধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। চিকিত্সকের পরামর্শে তাদের বেশিরভাগই বাসায় আইসোলেশনে রয়েছেন।