সিদ্ধিরগঞ্জে পানি আক্তারের নেতৃত্বে আগুন

সিদ্ধিরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় স্থানীয় কাউন্সিলর মতিউর রহমান মতিসহ উপভয় গ্রুপের কমপক্ষে ৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় সিদ্ধিরগঞ্জ থানা কার্যালয়ের মাত্র ৫০ গজ দূরে আদমজী নতুন বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনার জের ধরে উভয় পক্ষের ঘরবাড়ি ভাংচুর এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কার্যালয়ে আগুন দেওয়া হয়।

জানা যায়, আদমজী নতুন বাজার এলাকায় একটি জমির মালিকানা নিয়ে স্থানীয় কাউন্সিলর মতিউর রহমান মতির অনুসারী আব্দুর রাজ্জাক ও সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডলের অনুসারী আব্দুল হান্নানের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিকবার সালিশ-বৈঠক হলেও কোনো সমাধান হয়নি।

এই বিরোধের জেরে বৃহস্পতিবার সকালে উভয় গ্রুপের লোকজন ঘটনাস্থলে এসে জমি দখলের চেষ্টা করলে প্রথমে বাকবিতণ্ডা ও পরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের ঘটনায় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ঘটনাস্থলে কাউন্সিলর মতিউর রহমান এলে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে জখম করে। আহত কাউন্সিলর মতিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। দীর্ঘ ১০ বছর জমি দখল নিয়ে বিরোধের জের ধরে শুরু হয় এই মারামারি। সামনে আরও বড় ধরনের ঘটনার আশংকা করছে এলাকাবাসী।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শাহীন শাহ পারভেজ জানান, 'জমি নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলযোগে কাউন্সিলর এলে তার ওপর হামলা হয়। তখন তিনি আহত হন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।'

আরও পড়ুনঃ ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

এদিকে কাউন্সিলর মতিউর রহমান মতির ওপর হামলার ঘটনার জেরে মুনলাইট এলাকায় অবস্থিত বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সিদ্ধিরগঞ্জ থানা কার্যালয়ে পানি আক্তারের নেতৃত্বে একদল সস্ত্রাসী আগুন ধরিয়ে দেয়। ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি সিরাজুল ইসলাম মন্ডল ইত্তেফাককে জানায়, 'জমি নিয়ে সংঘর্ষের ঘটনার সঙ্গে আমার কোন লোক জড়িত না। বঙ্গবন্ধু ফাউন্ডেশন কার্যালয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করছি'।

ইত্তেফাক/জেডএইচডি/নূহু