ছড়া

আলমগীর কবিরের ছড়া

প্রকৃতির পাঠশালায়

 

 

গন্ধরাজের গন্ধ কেমন

জানলে নাকো রুমি,

আলোয় রাঙা স্বপ্নমাখা

ভোর দেখো না তুমি?

 

চপল হাওয়া দোল খেয়ে যায়

কনকচাঁপার ফুলে,

প্রজাপতি ফুলকে বলে

মনের কথা খুলে।

 

ফড়িংছানার নাচ দেখো না

ভোর কাটালে ঘুমে,

ফুলের গন্ধে ঘুম ভাঙে না

ফুলফোটা মৌসুমে?

 

প্রকৃতির পাঠশালায় তুমি

শিখলে না তো কিছু,

এক সকালে ছুটে দেখো

ফড়িংছানার পিছু!

 

মন আলোতে ভরে যাবে

দেখো একটি পাখি,

নিজকে নিজে অমন করে

আর দিও না ফাঁকি!

 

 

 

 

 

 

কবে যাবো ইশকুলে মা

 

 

আবার যাবো ইশকুলে মা

কবে বলতে পারো?

মুক্ত পাখি বন্দি হলে

ভালো লাগে কারো?

 

খেলার মাঠে আর সকলের

পাই না খুঁজে দেখা,

নেই কোলাহল আনন্দ গান

মাঠটি বড়ো একা!

 

এখন তো আর দিন কাটে না

দস্যিপনায় মেতে,

ইশকুলে মা যাবো আবার

স্যারের বকা খেতে।

 

স্বপ্ন রঙিন ইশকুলে মা

স্বপ্ন কত আঁকা,

ভাল্লাগে না এমন করে

বন্দিদশায় থাকা!

 

 

 

 

কদম ফুলের হাসি

 

 

ঝমঝমিয়ে বৃষ্টি এল

দৌড়ে গেলাম ছুটে,

কদমতলায়, একে একে

বন্ধুরা সব জুটে!

 

কদমডালে বৃষ্টিভেজা

কদম আছে ফুটে,

তরতরিয়ে গাছে উঠে

ফুলগুলো নিই লুটে।

 

বৃষ্টিভেজা কদম ফুলের

কী অপরূপ হাসি,

দস্যিদলের আমরা সবাই

বৃষ্টি ভালোবাসি।