বিনোদন রিপোর্ট
দেশের করোনা পরিস্থিতে সব স্টেজ শো বন্ধ থাকলেও সংগীতশিল্পীরা ঘরে বসেই অনেক কাজ করেছেন। সেগুলো ইউটিউবে রিলিজও দিয়েছেন। তবে সবার প্রত্যাশা আবার কবে দর্শকদের শোরগোলে মেতে উঠবে কনসার্ট। আবারও সবাই এক হয়ে নতুন গান তৈরি শুরু হবে। সম্প্রতি নিজের লেখা এক গান তৈরি করছেন সংগীতশিল্পী সৈয়দ শহীদ। নতুন গান প্রসঙ্গে তিনি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট করেন। সেটি তুলে ধরা হচ্ছে। তিনি লেখেন, ‘নতুন গান রান্না করে ভাজছি... করোনাকালের লকডাউনের এই ৩ মাসে প্রায় ৫০টির বেশি গান লেখা হয়ে গেছে, মাত্র একটা গানের কথা নিজের কাছে ভালো লেগেছে, সুর করতে পেরেছি। তাও মুখটা। এখনও পুরো গানের সুর বাকি, মিউজিক বাকি, তারপর গান ৩/৪ মিনিট। হয়তো বা কেউ শুনবে, কেউ শুনবে না, কারও ভালো লাগবে, কারও ভালো লাগবে না। তাতে কী? নিজের ভালোলাগাই আমার আনন্দ। আমার যা মনে আসে তাই লেখি। বানান ভুল হয়। মাঝে মাঝে বানান ঠিক করে দেয় বন্ধু তারেক আর মুজিব। সেই প্রাইমারি স্কুলের ক্লাস ওয়ান থেকে পাগলাটে লেখা। লেখার সময় পাশে বসা মুজিব। বানান ভুল হলে সে শুদ্ধ করে দিতো। এখন সে মাস্টার, স্কুল পরিচালনা করে। এখন পাঠাই হোয়াটসঅ্যাপে। ৪২ বছর ধরে তাকে জ্বালাতন করছি।’
গানটি কবে নাগাদ মুক্তি পেতে পারে সেই প্রসঙ্গে শহীদ বলেন, ‘এটি সঠিক বলতে পারবো না। কারণ গানটি নিয়ে আমার কোনো তাড়াহুড়ো নেই। শ্রোতাদের মনে মতো একটি গান দিতে চাই।’
দেশের এই করোনাকালীন অবস্থায় সংগীতশিল্পীদের অবস্থা প্রসঙ্গে শহীদ আরও বলেন, ‘প্রতিটি স্তরের মানুষ এই সময়ে বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। যদিও এখন অনেককিছুই শুরু হয়েছে। শুটিংও শুরু হয়েছে। তবে স্টেজ শো এখনই শুরু করা সম্ভব না। আমাদের সবার জায়গা থেকে যে মিউজিশিয়ানরা সমস্যায় আছেন তাদের পাশে দাঁড়ানো উচিত।’