তবুও আশায় সেতিয়েন!
বার্সেলোনা ০ :সেল্টা ভিগো ২
স্পোর্টস ডেস্ক
সূচিটা কঠিন, এবার পথ আগলে দাঁড়িয়েছিল ইতিহাসও। সেসবকে বুড়ো আঙুল দেখিয়ে জয়ের আশাও জাগিয়েছিল বার্সেলোনা। কিন্তু শেষ মুহূর্তের গড়বড়ে সেল্টা ভিগোর মাঠে ২-২ গোলের ড্র-ই নিয়তি হলো লালিগা শিরোপাধারীদের। তাতে রিয়াল থেকে দুই পয়েন্টে পিছিয়ে পড়ার শঙ্কা জাগলেও কোচ কিকে সেতিয়েন প্রতিদ্বন্দ্বীদের হোঁচটের আশায় বুক বাঁধছেন!
সেল্টার মাঠ বালাইদস শেষ চার মৌসুম ধরেই বার্সার বধ্যভূমি। শেষ জয়টা এসেছিল সেই ২০১৫ মৌসুমে। এরপরে লিগে দোর্দণ্ড প্রতাপ দেখিয়েছে বার্সা, কিন্তু এ মাঠ থেকে গেছে অলঙ্ঘনীয়ই। সে খরা গত শনিবার রাতে ঘোঁচানোর জোর আশাই দেখাচ্ছিলেন লিওনেল মেসি-লুই সুয়ারেজরা।
শুরুর অর্ধে বার্সা অধিনায়কের বিচক্ষণ ফ্রি কিকে মাথা ছুঁইয়ে যখন বার্সাকে এগিয়ে দিলেন সুয়ারেজ, ২০১৪-১৫ মৌসুমে জাভির ক্রস থেকে পাওয়া জেরেমি ম্যাথিউর একমাত্র গোলের স্মৃতিই ফিরে ফিরে আসছিলো। এদিন আক্রমণাত্মকভাবে বার্সা খেলছিলোও দুরন্ত, প্রথমার্ধেই আরও গোটা দুই গোলের সুযোগ এসেছিলো মেসি, আনসুমান ফাতিদের কাছে, সুযোগগুলো কাজে লাগালে হয় তো শেষে আফসোস সঙ্গী হতো না তাদের।
দ্বিতীয়ার্ধে দৃশ্যপট পালটায়, প্রথমার্ধে প্রায় অদৃশ্য সেল্টা আসে নাম ভূমিকায়। তাতে সমতাও ফেরায় ৫০ মিনিটে। যদিও, এতে বার্সা রক্ষণের ‘অবদান’-ও ছিল সমান। ৬৭ মিনিটে সুয়ারেজ-মেসির যুগলবন্দিতে আবারও এগিয়ে যায় বার্সা, বক্সে মেসির পাস আয়ত্বে নিয়ে অসাধারণ এক গোল করেন সুয়ারেজ।
অন্তিম সময়ে পথ হারায় বার্সা। রাফিনিয়াকে বক্সের একটু বাইরে ফাউল করে ফ্রি কিক হজম করেন জেরার্ড পিকে। সেখান থেকে দুর্দান্ত ফ্রি কিকে সমতা ফেরান ইয়াগো আসপাস। তবে যোগ করা সময়ের শেষদিকে প্রতি আক্রমণে সুবর্ণ সুযোগটা তিনি বার্সা গোলরক্ষক টের স্টেগেনের হাতে না তুলে দিলে হয় তো জয়ই তুলে নিতে পারত স্বাগতিকরা!
ম্যাচশেষে কোচ সেতিয়েনের কণ্ঠে আফসোস ঝরল প্রথমার্ধেই খেলাটা ‘শেষ’ করতে না পারার, ‘এই অবস্থা পর্যন্ত ম্যাচটা যেতে দেওয়াই উচিত হয়নি। কারণ প্রথমার্ধে আমরাই ছিলাম শ্রেয়তর দল। আরো বেশি গোল নিয়ে বিরতিতে যাওয়া উচিত ছিল আমাদের। আমরা অনেক কিছুই ভালোভাবে করেছিলাম, ম্যাচটায় আরো বেশি স্বচ্ছন্দে থাকার কথা আমাদের!’
এ ম্যাচের এক ম্যাচ বেশি খেলে রিয়াল মাদ্রিদের চেয়ে এক পয়েন্টে এগিয়ে গেছে বার্সা। তবে গত রাতে অবনমন অঞ্চলে থাকা এম
স্পানিয়লের বিপক্ষে জিতলে বার্সাকে দুই পয়েন্টের ব্যবধানে টপকে শীর্ষে উঠবে রিয়াল। কোচ সেতিয়েন জানালেন, নিজেদের কাজটা ঠিকঠাক করে আশা রাখতে হবে দলকে। বললেন, ‘প্রতিদ্বন্দ্বীরা জিতলে তারা এগিয়ে যাবে। এখন আমাদের আর ভুলের সুযোগ নেই। নিজেদের সব ম্যাচ জিতে প্রতিদ্বন্দ্বীদের হোঁচটের অপেক্ষায় থাকতে হবে। সর্বোচ্চ পয়েন্ট তোলার পূর্ণ চেষ্টাটাই থাকবে আমাদের।