ফিল সিমন্সের বন্দিজীবন

স্পোর্টস ডেস্ক

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট শুরুর দিন যখন এগিয়ে আসছে, তখনই দুঃসংবাদ পেল ওয়েস্ট ইন্ডিজ দল। প্রস্তুতি পর্বের একটা উল্লেখযোগ্য সময় ক্যারিবিয়ান দল পাচ্ছে না কোচ ফিল সিমন্সকে। ম্যানচেস্টারে টিম হোটেলে ‘জীবাণুমুক্ত’ পরিবেশ থেকে বেরিয়ে একটি শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেওয়ার পর হোটেল কক্ষেই স্বেচ্ছা-আইসোলেশনে আছেন সিমন্স।

ইংল্যান্ডে ডেইলি মেইল খবরটি প্রকাশ করার পর ওয়েস্ট ইন্ডিজ দলের এক মুখপাত্র শনিবার নিশ্চিত করেছেন তা। গত শুক্রবার হোটেল ছেড়ে ঐ শেষকৃত্যে যোগ দিয়েছিলেন সিমন্স। দুই দফায় কোভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ আসা সাপেক্ষে তিনি আগামী বৃহস্পতিবার দলের অনুশীলনে যোগ দিতে পারবেন।

অনুশীলন পর্বে গেল সোমবার থেকে নিজেদের মধ্যে দ্বিতীয় গা গরমের ম্যাচ খেলবে ক্যারিবিয়ানরা। চার দিনের ম্যাচটি হোটেল কক্ষের ব্যালকনি থেকেই দেখতে হবে সিমন্সকে। তার অনুপস্থিতিতে দলের প্রস্তুতি দেখভাল করবেন দুই সহকারী কোচ রডি ইস্টউইক ও রেয়ন গ্রিফিথ এবং ব্যাটিং কোচ ফ্লয়েড রেইফার।

দলের হয়ে তরুণ ফাস্ট বোলার আলজারি জোসেফ দাবি করলেন, প্রধান কোচের না থাকা তাদের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটাবে না। তিনি বলেন, ‘সত্যি বলতে, আমাদের প্রস্তুতিতে এটি ব্যাঘাত ঘটাচ্ছে না। আমাদের নিজেদের করণীয় জানা আছে, প্রস্তুতি চালিয়ে যেতে হবে। আমাদের কোচিং স্টাফের গ্রুপ বেশ বড়, সবাই পরস্পরকে সহায়তা করে। কোচের না থাকাই তাই কারো জন্য সমস্যা নয়।’

আগামী ৮ জুলাই থেকে শুরু হবে বহুল আলোচিত তিন ম্যাচের এই টেস্ট সিরিজ। গেল বছর দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু এর আগে ইংল্যান্ডের মাটিতে ১৯৮৮ সালের পর থেকে কোনো টেস্ট সিরিজ জিততে পারেনি ক্যারিবীয়রা। কাল থেকে সাউদাম্পটনে অনুশীলন শুরু করবে দলটি।