বরিশাল অফিস
বরিশাল বিভাগের ছয় জেলায় এ পর্যন্ত মোট ২ হাজার ৬০৯ জনের করোনা শনাক্ত হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন। এছাড়া সুস্থ হয়েছেন ৬৮৩ জন। মৃত্যুবরণ করেছেন ৫৪ জন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের ছয় জেলায় নতুন করে ১২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় বিভাগের বরিশাল, পটুয়াখালী ও বরগুনা এই তিন জেলায় ২৩ জন রোগী সুস্থতা লাভ করেছেন।
সর্বশেষ তথ্য অনুযায়ী, সম্প্রতি মৃত্যুবরণ করা পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার বাসিন্দা রিমুর (৪৫) রিপোর্ট করোনা পজিটিভ পাওয়া গেছে। এ নিয়ে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ জনে।
বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে এ পর্যন্ত চিকিত্সাধীন অবস্থায় মোট ৮৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩১ জন করোনা পজিটিভ রোগী ও বাকিরা উপসর্গ নিয়ে মারা যান।
স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল জানান, বিভাগের মধ্যে এ পর্যন্ত বরিশাল জেলায় ১ হাজার ৪২২ জন, পটুয়াখালীতে ৩২৬ জন, ভোলায় ২৬০ জন, পিরোজপুরে ১৯৪ জন, বরগুনায় ২১৪ জন ও ঝালকাঠিতে ১৯৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এছাড়া মৃত্যুবরণকারী করোনা পজিটিভ ৫৪ জনের মধ্যে বরিশাল নগরীসহ জেলার ২০ জন, পটুয়াখালীর ১৬ জন, ঝালকাঠির আট জন, পিরোজপুরের পাঁচ জন, ভোলার তিন জন ও বরগুনার দুই জন রয়েছেন।