ফেনীর ফুলগাজীতে ঘরে ঢুকে আওয়ামী লীগ নেতাকে গুলি

পরশুরাম সংবাদদাতা

ফেনীর ফুলগাজীতে গভীর রাতে ঘরে ঢুকে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করার ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ আহতের নাম কাজী মো. কবির আহমদ। শনিবার দিবাগত রাতে উপজেলার জিএম হাট ইউনয়নের শরীফপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন তাকে আহতাবস্থায় উদ্ধার করে ফেনী এ্যাপোলে হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে রবিবার দুপুরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত কাজী মো. কবির আহমদ জিএম হাট ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাবেক ব্যাংক কর্মকর্তা ও স্থানীয় ব্যবসায়ী।

এ ঘটনার খবর পেয়ে রবিবার সকালে ফেনী পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী, অতিরিক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আতোয়ার রহমান, ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কুতুব উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।