ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতির ইন্তেকাল

লীগের সভাপতির ইন্তেকাল

ফরিদগঞ্জ পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদগঞ্জ কেন্দ্রীয় সমবায় সমিতির (বিআরডিবি)র সভাপতি মোতাহার হোসেন রতন (৫১) শনিবার দিবাগত রাত সাড়ে ৩টায় হার্টের সমস্যায় চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)।

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। পৌর এলাকার ভাটিরগাঁও মিজি বাড়ির মরহুম ডা. ইছহাক মিজির ছেলে। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, রাজনৈতিক সহকর্মীসহ বহু গুণগ্রাহী রেখে যান। রবিবার বাদ জোহর ফরিদগঞ্জ রুদ্রগাঁও ঈদগা মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়।

পারিবারিক সূত্র জানায়, ১১ জুন রাতে হার্টের সমস্যায় অসুস্থ হয়ে স্থানীয়ভাবে চিকিত্সার পর ১৩ জুন তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এদিকে ১২ জুন করোনা সন্দেহে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছিল উপজেলা হাসপাতালে । কিন্তু সেই রিপোর্ট এখন পর্যন্ত পৌঁছায়নি। ।

তার মৃত্যুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শোক বার্তায় নিহতের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্য, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানান। এছাড়া স্থানীয় এমপি সাংবাদিক মুহাম্মদ শফিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।