বিজিবির অভিযানে সাড়ে ৪ কেজি স্বর্ণ ও ইয়াবা জব্দ

ইত্তেফাক রিপোর্ট

দেশের দুই সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের বার ও বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর মধ্যে গতকাল রবিবার ভোরে সাতক্ষীরা সীমান্তের কাকডাংগা সিমান্ত এলাকা থেকে সাড়ে ৪ কেজি পরিমাণ স্বর্ণের বার ও কক্সবাজারের পালংখালী থেকে বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, সাতক্ষীরা সীমান্তের কাকডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা হতে দুই কোটি আটষট্টি লাখ বায়ান্ন হাজার ছয়শত পঁচাশি টাকা মূল্যের ৪ কেজি ৫৪০ গ্রাম ওজনের স্বর্ণ আটক করা হয়েছে।

তিনি আরো জানান, দীর্ঘদিন যাবত্ হুন্ডি, মাদক চোরাচালান, স্বর্ণ ও রৌপ্য আটকের নিমিত্তে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তত্পরতাসহ অভিযান জোরদার করা হয়েছে। যার ফলশ্রুতিতে গতকাল রবিবার ভোরে সীমান্ত পিলার ১৩/৩ এস এর ৩ আরবি হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেড়াগাছি গাফফারের ঘাট (জিআর ৯৪৭২৪১) এমএস ৭৯বি/১৩ এলাকায় অভিযান পরিচালনা করে আসামিবিহীন অবস্থায় ঐ স্বর্ণ জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের বার সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।