খুলনা অফিস
সুন্দরবনে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে বুলবুল বাহিনীর তিন নব্য সদস্য নিহত হয়েছে। এ সময় আরো দুই দস্যুকে আটক ও দুই জন জেলেকে উদ্ধার করা হয়। তাদের কাছ থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র, ৩৩ রাউন্ড গুলি, দেশি অস্ত্র, দস্যুতায় ব্যবহূত অন্যান্য মালামাল ও ট্রলার জব্দ করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে খুলনার র্যাব-৬ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে র্যাবের নবনিযুক্ত মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানান।
এর আগে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মামদো নদী, মালঞ্চ নদী, খোপড়াখালী নদী ও ফিরিঙ্গি নদী এলাকায় ২৫ জুন রাত থেকে ২৮ জুন ভোর পর্যন্ত এ অভিযান পরিচালনা করে র্যাব।
নিহত নব্য দস্যুরা হচ্ছে সাতক্ষীরার হরদহ এলাকার মো. লুত্ফরের ছেলে শরিফুল ইসলাম (২৪), আশাশুনি উপজেলার বসুখালীর মৃত জামাত আলীর ছেলে হাবিবুর রহমান (২৪) ও অজ্ঞাত (২৫) এক জন। এছাড়া আটক অপর দুই জনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
প্রেস ব্রিফিংয়ে র্যাব মহাপরিচালক বলেন, সুন্দরবনে নতুন করে দস্যুতায় নামার চেষ্টা করলে তাদের পরিণতি ভয়াবহ হবে। র্যাবের গোয়েন্দা নজরদারির থেকে কেউ পার পাবে না বলেও উল্লেখ করেন তিনি।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপস) কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার, র্যাব-৬-এর অধিনায়ক লে. কর্নেল রওশোনুল ফিরোজসহ অন্য কর্মকর্তাবৃন্দ।