জয়পুরহাট প্রতিনিধি
করোনা মহামারিতে সবার জন্য রাষ্ট্রীয়ভাবে চিকিত্সাসেবা নিশ্চিতের দাবিতে রবিবার জয়পুরহাটে মানববন্ধন করেছে জেলা প্রগতিশীল ছাত্র জোট। প্রগতিশীল ছাত্র জোটের শীর্ষস্থানীয় নেতা ও ছাত্র ইউনিয়নের সভাপতি রিফাত আমিন রিয়নের সভাপতিত্বে শহরের পাঁচুর মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়। এ সময় তারা সবার জন্য সরকারি উদ্যোগে চিকিত্সা নিশ্চিত করা, করোনা ভাইরাস মোকাবিলায় আপদকালীন স্বাস্থ্য খাতে জাতীয় বাজেটের ২০ শতাংশ বরাদ্দ, প্রতিটি জেলা শহরে ২৫টি ভেন্টিলেটর মেশিন ও আইসিইউ সাপোর্টসহ ৫০০ শয্যার করোনা ভাইরাস ইউনিট চালুসহ বিভিন্ন দাবি জানানো হয় জোটের পক্ষ থেকে। এতে উপস্থিত ছিলেন জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক তাসরিন সুলতানা, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাংগঠনিক সম্পাদক মুর্শিদ আলম, ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক সামিয়া আক্তার মিমি প্রমুখ।