নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা
নাগেশ্বরীতে গত ২৪ ঘণ্টায় পানি আরো বেড়েছে। নতুন করে তলিয়ে গেছে অনেক গ্রাম। চারদিকে এখন শুধু পানি আর পানি। পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ১৫ সহস্রাধিক মানুষ। খোঁজ নিয়ে জানা গেছে, ইতিমধ্যে বন্যার পানিতে সম্পূর্ণ বামনডাঙ্গা, বেরুবাড়ী, কালীগঞ্জ, নুনখাওয়া, নারায়ণপুর, বল্লভেরখাস, কচাকাটা এবং আংশিক ডুবে গেছে কেদার, রায়গঞ্জ ইউনিয়ন। তলিয়ে গেছে এসব এলাকার রাস্তাঘাট। এর ওপর দিয়ে তীব্র স্রোতে প্রবাহিত হচ্ছে বন্যার পানি। ডুবে গেছে বীজতলা, আখ, ভুট্টা, কাউন, পাট ও সবজি খেত। ভেসে গেছে পুকুরের মাছ। অনেকেই আশ্রয় নিয়েছেন উঁচু রাস্তা ও স্কুল-কলেজে। শনিবার ও রবিবার সরেজমিন পরিদর্শন ও ত্রাণ সহায়তা দিয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামান ও নির্বাহী কর্মকর্তা নুর আহমেদ মাছুম।