ইত্তেফাক ডেস্ক
দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ছয় জন নিহত হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
মির্জাপুর (টাঙ্গাইল): ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের পুষ্টকামুরী চরপাড়ায় শনিবার গভীর রাতে মালবাহী একটি ট্রাক ডিভাইডারের ওপর উলটে পড়ে। এ সময় লোহার পাতের নিচে চাপা পড়ে তিন যাত্রী নিহত হন। দুর্ঘটনায় আহত হয়েছেন চালকসহ দুই জন। নিহতরা হলেন পাবনার চাটমোহর উপজেলার বনগ্রামের শফিরুল ইসলাম (২৫), পার্শ্বডাঙ্গা গ্রামের করিম (৩০) এবং সোহেল রানা (৩১)। গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান মনির দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নরসিংদী: নরসিংদীর পাঁচদোনায় রবিবার দুপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখী সংঘর্ষে এক বাস চালক নিহত হয়েছেন। নিহতের নাম আনোয়ার হোসেন (৩৫)। দুর্ঘটনায় ১২ যাত্রী আহত হয়েছেন। পাঁচদোনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইউসুফ মিয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ): শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত পল্লী বিদ্যুত্ কর্মী মো. আবু নাসের মারা গেছেন। শনিবার বিকালে সিলেট ওসমানী মেডিক্যালে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার শায়েস্তাগঞ্জের অলিপুরে সিএনজির চাকা খুলে সড়ক দুর্ঘটনায় তিনি আহত হন।
রামগতি (লক্ষ্মীপুর): রামগতিতে ট্রাক্টর ট্রলির চাকার লোহার রিং এর আঘাতে মো. আলী আজগর (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় রামগতি-সোনাপুর সড়কের চর আফজল এলাকার ছৈয়দ মৌলভীবাজারে এ দুর্ঘটনা ঘটে। রামগতি থানার ওসি মোহাম্মদ সোলাইমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।