দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা
দশমিনায় রবিবার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম পাপিয়া (২)। উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ গ্রামের মো. আল আমিন মৃধার মেয়ে পাপিয়া বাড়ির উঠানে খেলতে গিয়ে পাশের পুকুরে পড়ে যায়। পরে স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে দশমিনা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।
দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা জানান, দৌলতপুরে রবিবার পানিতে ডুবে সামিরুল (৭) নামের এক শিশু মারা গেছে। সে উপজেলার ফিলিপনগর ইউপির বাহেরমাদি সদরঘাট গ্রামের টোটন সরদারের ছেলে।
ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা জানান, ভাঙ্গুড়ায় রবিবার পুকুর থেকে একটি শিশুর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম মেহেদী হাসান (৬)। নিহতের বড় ভাই তওহিদুল ইসলাম জানান, শনিবার দুপুরে সঙ্গীদের সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে সে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। পরদিন মসজিদের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। ভাঙ্গুড়া থানার ওসি মো. মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।