তারকা নয়, দল নিয়ে ভাবছেন মুডি

গতবারও তারকাখচিত এক দলই পরিচালনা করেছেন টম মুডি। ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, মাশরাফি বিন মুর্তজার দলকে চ্যাম্পিয়ন করে রেখে গেছেন। এবার শিরোপা ধরে রাখার লড়াইয়ে আরও তারকাখচিত তার দল। গেইল-মাশরাফি আছেন। সাথে যোগ হয়েছেন এবি ডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেলসের মতো ক্রিকেটার।

এতো তারকা নিয়ে স্বভাবতই উচ্ছ্বসিত থাকার কথা কোচের। কিন্তু টম মুডি বলছেন, তারা কোনো একক তারকার উপর নয়, পুরো দলের ওপরই ভরসা করতে চান।

বিপিএলে নিজেদের শিরোপা ধরে রাখাটা খুব কঠিন হবে জানিয়ে মুডি বলছিলেন, তাদের সামনে কঠিন রাস্তা, ‘আমরা খুব ভালোভাবে জানি যে, এটা খুব কঠিন একটা প্রতিযোগিতা। প্রতিটা দল খুব ভারসাম্যপূর্ণ। গত বছর যেটা হয়েছে, একটা নতুন দল হিসেবে আমাদের জন্য সেটা অসাধারণ ছিলো। আমরা জানি, আমাদের সামনে কঠিন কাজ পড়ে আছে। আমরা জানি যে, ম্যাচ জেতাটা সহজ হবে না এখানে। এটা লম্বা একটা রাস্তা।’

দলে ডি ভিলিয়ার্স ও হেলসের মতো খেলোয়াড় যোগ হওয়ায় খুশি মুডি। কিন্তু তিনি তাদের ও স্থানীয় তরুণদের একইরকম গুরুত্ব দিতে চান। মুডি বলছিলেন, ‘এটা অসাধারণ ব্যাপার। আমরা এবিকে সাত ম্যাচের জন্য এবং অ্যালেক্স হেলসকে পুরো টুর্নামেন্টের জন্য পাচ্ছি। আমাদের হাতে ভালো স্থানীয় ও আন্তর্জাতিক ক্রিকেটার আছে। তবে কোনো ব্যক্তি আমাদের টুর্নামেন্ট জেতাবে না। এটা অবশ্যই দলীয় একটা প্রচেষ্টা হতে হবে। আমরা আমাদের পুরো স্থানীয় ও আন্তর্জাতিক সেটাপের ওপর ভরসা করবো। একজন আলাদা ব্যক্তি একটা খেলা জেতানোয় ভূমিকা রাখতে পারে। কিন্তু চ্যাম্পিয়নশিপ জিততে গেলে দলীয় প্রচেষ্টা লাগবে।’

ডি ভিলিয়ার্স, হেলস, হেইলের মতো তারকাকে নিয়ে কাজ করাটা রোমাঞ্চকর হবে বলে মুডি বলছিলেন, ‘বিশ্বমানের খেলোয়াড়দের দলে পাওয়াটা সবসময়ই অসাধারণ ব্যাপার। আমি এর আগে কখনো এবি ডি ভিলিয়ার্সের সাথে এভাবে কাজ করিনি। আমি হেলস ও গেইলের সাথে আগে কাজ করেছি। এবির সাথে কাজ করাটাও নিশ্চয়ই অসাধারণ হবে। দলে তার উপস্থিতি একটা ভিন্ন ব্যাপার হবে। সে এই ফরম্যাটে বিশ্বমানের একজন খেলোয়াড়। সে ভয়ানক হয়ে উঠতে পারে। তবে আবারও বলি, ফোকাস তার উপর নয়, দলের উপর থাকবে।’

তবে মুডি বেশি খুশি হবেন তার দলের স্থানীয় ক্রিকেটাররা যদি ঠিক মতো পারফরম করতে পারেন। আর এটা নিশ্চিত করতেই তিনি কাজ করবেন বলে বলছিলেন এই অভিজ্ঞ কোচ, ‘এটা আমাদের সৌভাগ্য যে, আমরা গতবারের বেশ কয়েকটি চেনা মুখ ধরে রাখতে পেরেছি। তবে আমি আমাদের স্থানীয় ক্রিকেটারদের দেখার জন্য, যাদের আগে দেখিনি, তাদের জন্য রোমাঞ্চিত হয়ে অপেক্ষা করছি। দলে তাদের ভূমিকাটাকে স্বীকৃতি দেওয়া এবং কাজে লাগানোটা খুব গুরুত্বপূর্ণ। কারণ, তারা যে কারো মতোই গুরুত্বপূর্ণ আমাদের জন্য।’

গতবার মুডির দলের শিরোপাজয়ী অধিনায়ক মাশরাফি ইতিমধ্যে সাংসদ হয়ে গেছেন। কিন্তু মুডি বলছিলেন, তারা ক্রিকেটার মাশরাফির অপেক্ষাতেই আছেন, ‘বেশি বড় ব্যাপার হলো, সে আমাদের ক্রিকেট দলের সদস্য। অবশ্যই সে তার জীবনের রোমাঞ্চকর একটা অধ্যায়ে পৌঁছেছে। গত এক সপ্তাহ তার জন্য অসাধারণ গেছে। আমরা তার অর্জনে অভিনন্দন জানিয়েছি। তবে আমি জানি যে, ম্যাশ তার ক্রিকেটের কাজে ফেরার জন্য মুখিয়ে আছে।’