চ্যালেঞ্জ নিতে প্রস্তুত রুবেল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর বোলারদের জন্য পরীক্ষার বড় ক্ষেত্র হতে পারে। টি-টোয়েন্টি ফরম্যাটের বেশ কয়েকজন আগুনে ব্যাটসম্যান এবার বিপিএলে খেলবেন। ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, ডেভিড ওয়ার্নার, এভিন লুইসরা ব্যাট হাতে দানবীয় ব্যাটিংয়ে অভ্যস্ত। বোলারদের বেদম প্রহারই তাদের সহজাত।

ঢাকা ডায়নামাইটসের পেস বোলার রুবেল হোসেন গতকাল বলেছেন, ডি ভিলিয়ার্স-ক্রিস গেইলদের মারকাটারি ব্যাটিংয়ের বিরুদ্ধে বোলিংয়ের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তিনি। এসব আক্রমণাত্মক ধারার ব্যাটসম্যানদের বিপক্ষে ভয় নয়, নিজের আন্তর্জাতিক ক্রিকেটে ১০ বছর খেলার অভিজ্ঞতা কাজে লাগাতে চান রুবেল।

গতকাল বিপিএলে বোলারদের চ্যালেঞ্জ সম্পর্কে ডানহাতি এই পেসার বলেছেন, ‘অবশ্যই চ্যালেঞ্জ থাকবে অনেক। আমি আন্তর্জাতিক ক্রিকেটে ১০ বছর ধরে খেলছি। এবি ডি ভিলিয়ার্সদের সাথে আমি এর আগেও অনেক ম্যাচ খেলেছি। তারা যে অনেক বড় ক্রিকেটার এটা তো আমরা সবাই জানি। তবে তাদেরকে ভয় পেলে বা অন্য কোনো কিছু করলে এটা আমার কাছে মানায় না। ভালো বোলিং করা, উইকেট বের করা এটা আমার কাছে অনেক বড় চ্যালেঞ্জের এবং আমি এটি সবসময় চ্যালেঞ্জ হিসেবেই নেই।’

ঢাকা ডায়নামাইটসে সাকিব আল হাসান, আন্দ্রে রাসেলদের মতো ক্রিকেট দুনিয়ার তারকা ক্রিকেটাররা আছেন। তাদের ভিড়ে খেলাকে চাপ মনে করেন না রুবেল। গতকাল বিসিবি একাডেমি মাঠে অনুশীলন শেষে তিনি বলেছেন, ‘এটা আসলে কোনো চাপ না। আমি সবসময় দেখি বড় বড় তারকারা ঢাকার দলে খেলে। আমি আমার জায়গা থেকে এবং আমার যে কাজটি থাকবে সেটাই করে যাওয়ার চেষ্টা করবো।’

গত আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন রুবেল। এবারই প্রথম ঢাকার হয়ে খেলবেন তিনি। বলেছেন, ‘ঢাকা দলে আমি এবারই প্রথম। অবশ্যই আমি খুব রোমাঞ্চিত ঢাকার হয়ে ভালো খেলার জন্য।’

বাংলাদেশ টি-টোয়েন্টি দলের মতোই ঢাকা ডায়নামাইটসেরও অধিনায়ক সাকিব। এখানে পারফর্ম করে অধিনায়কের বিশ্বাস অর্জন করতে চান রুবেল। গতকাল তিনি বলেছেন, ‘সাকিব ভাই তো আমাদের টি-টোয়েন্টি দলের অধিনায়ক। এখানে আমি ভালো খেললে তার ফোকাসটি আমার দিকে আসবে। অবশ্যই আমি এখানে চাইবো, আমার সেরা ক্রিকেটটা খেলার জন্য। শুধু এখানেই না, আমি যেখানেই ম্যাচ খেলি না কেন, আমি আমার শতভাগ দেয়ার চেষ্টা করি।’