রাজশাহী কিংসের অধিনায়ক মিরাজ

আগামীকাল মাঠে গড়াচ্ছে বিপিএলের ষষ্ঠ আসর। এবার বিপিএলে রাজশাহী কিংসের নেতৃত্ব দিবেন মেহেদী হাসান মিরাজ। গতকাল রাজধানীর হাতিরঝিলে নৌবিহার শেষে জার্সি উন্মোচন ও মিরাজকে নতুন অধিনায়ক ঘোষণা করেছে রাজশাহী কিংস। বয়সভিত্তিক পর্যায়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ছিলেন মিরাজ। তবে বিপিএলের মঞ্চে এবারই প্রথম নেতৃত্বের ভার আসলো তার ওপর। রাজশাহীর হয়ে টানা তৃতীয় মৌসুম খেলতে যাচ্ছেন তিনি। দায়িত্ব পেয়েই গতকাল মিরাজ বলেছেন, ‘এটি আমার জন্য অনেক বড় একটি সুযোগ। এমন বড় টুর্নামেন্টে আমার এর আগে কখনো অধিনায়কত্ব করা হয়নি। আমি অনূর্ধ্ব-১৯ দলের হয়ে অধিনায়কত্ব করেছি, দেশের জন্য।’ অধিনায়ক হিসেবে সেরাটা দিতে চান মিরাজ। গতকাল বলেছেন, ‘এটি অনেক বড় একটি টুর্নামেন্ট। আমার কাছে মনে হয় এটি অনেক বড় অভিজ্ঞতা আমার জন্য। চেষ্টা করব আমার শতভাগ দেওয়ার জন্য।’