দেশের সরকারি পাটকলগুলোতে অব্যাহত লোকসানের মুখে ২৪ হাজার ৮৮৬ শ্রমিককে স্বেচ্ছা অবসরে (গোল্ডেন হ্যান্ডশেক) পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
গতকাল বরিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এই ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, আমরা লোকসান দিয়ে পাটকল চালাতে পারি না। তাই সরকার চিন্তা করেছে শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেক দিয়ে এই খাতকে এগিয়ে নিতে।
তাহলে কি সরকারি পাটকলগুলো চালাতে বস্ত্র ও পাট মন্ত্রণালয় ব্যর্থ। সংবাদ সম্মেলনে ইত্তেফাকের এক প্রশ্নের জবাবে গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক বলেন, আমরা ব্যর্থ হব কেন? আমরা তো পাটকলগুলো বন্ধ করছি না। শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেক দেওয়ার পর সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) মাধ্যমে পাটকলগুলোকে আধুনিকায়ন করে আবার চালু করা হবে। এসব অভিজ্ঞ শ্রমিকই সেখানে চাকরি করার সুযোগ পাবেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পাটকলগুলো থেকে দীর্ঘ ৪০ বছর আমরা কোনো লাভ করতে পারিনি, সব সময় লোকসান হচ্ছে। এজন্যই পাটকলগুলোকে আধুনিকায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রমিকদের কোনো ক্ষতি না করে তাদের লাভবান করার জন্যই ‘গোল্ডেন হ্যান্ডশেকের’ এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রী জানান, ২০১৪ সাল হতে অবসরপ্রাপ্ত শ্রমিকদের (৮ হাজার ৯৫৪ জন) প্রাপ্য সব বকেয়া, বর্তমানে কর্মরত শ্রমিকদের (২৪ হাজার ৮৮৬ জন) প্রাপ্য বকেয়া মজুরি, শ্রমিকদের পিএফ জমা, গ্র্যাচুইটি এবং সেইসঙ্গে গ্র্যাচুইটির সর্বোচ্চ ২৭ শতাংশ হারে অবসায়ন সুবিধা একসঙ্গে শতভাগ পরিশোধ করা হবে। এজন্য সরকারি বাজেট হতে প্রায় ৫ হাজার কোটি টাকা প্রদান করা হবে।
মন্ত্রী বলেন, নতুন মডেলে পুনঃচালুকৃত মিলে অবসায়নকৃত বর্তমান শ্রমিকেরা অগ্রাধিকার ভিত্তিতে কাজের সুযোগ পাবে।
সংবাদ সম্মেলনে বস্ত্র ও পাট সচিব লোকমান হোসেন মিয়াসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।