আবারও পঞ্চগড়ের চা কারখানা মালিকগুলো সিন্ডিকেট তৈরি করে কাঁচা চা-পাতার মূল্য কমিয়েছে এবং প্রতি ১০০ কেজি ওজনে ২০ থেকে ৫০ ভাগ কর্তন শুরু করেছে। পঞ্চগড় জেলা কাঁচা চা-পাতা মূল্য নির্ধারণ কমিটির সিদ্ধান্তকে উপেক্ষা করে কারখানা মালিকরা এই ব্যবস্থা চালু করেছে। জেলা কাঁচা চা-পাতা মূল্য নির্ধারণ কমিটির বৈঠকে প্রতি কেজি কাঁচা চা-পাতার মূল্য নির্ধারণ করা হয় ১৪ টাকা। কিন্তু গত ২১ জুন থেকে ঐ সিন্ডিকেট প্রতি কেজি চা-পাতা ক্রয় করছে ১২ টাকা এবং প্রতি ১০০ কেজি ওজনের চা-পাতার ওজন ২০ থেকে ৫০ ভাগ কর্তন করছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সন্তোষজনক মূল্য নির্ধারণসহ সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হলে দুর্বার আন্দোলনের মাধ্যমে পঞ্চগড়ের চা-শিল্পকে ধ্বংসের হাত থেকে রক্ষার ঘোষণা দেওয়া হয়েছে। বাংলাদেশ স্মল টি গার্ডেন ওনার্স অ্যাসোসিয়েশন পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে রবিবার দুপুরে পঞ্চগড় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়।
অ্যাসোসিয়েশনের সভাপতি আমিরুল হক খোকনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের উপদেষ্টা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চা-চাষি আনোয়ার সাদাত সম্রাট, অ্যাসোসিয়েশনের সহসভাপতি এ বি এম আখতারুজ্জামান শাহজাহান, জ্যেষ্ঠ সহসভাপতি আবু বকর ছিদ্দিক, আলী আহসান প্রধান নাহিদ, চা-চাষি মতিয়ার রহমান, সায়েদ আলী, রাজিউর রহমান রাজুসহ চা-বাগান মালিকরা উপস্থিত ছিলেন।