ইউনানি নিয়ে পড়াশোনা করেছেন, অথচ চিকিত্সা করেন হূদরোগ, লিভার, জন্ডিস, বাতজ্বরের মতো জটিল রোগের। তাও অ্যালোপ্যাথিক চিকিত্সায়। করেন হার্ট সার্জারিও। মিজানুর রহমান নামে ঐ চিকিত্সক মতিঝিলে ইসলামী ব্যাংক হাসপাতালে দীর্ঘ বারো বছর ধরে এভাবে প্রতারণার আশ্রয় নিয়ে চিকিত্সাসেবা দিয়ে আসছিলেন। তবে শেষ রক্ষা হয়নি তার। র্যাবের ভ্রাম্যমাণ আদালতে ধরা পড়েছে তার প্রতারণা। অপরাধে তাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল রবিবার দুপুরে মতিঝিলে ইসলামী ব্যাংক হাসপাতালে ভুয়া চিকিত্সক ও অনিয়মের খোঁজে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ বসু। একই আদালত অনিয়মের কারণে হাসপাতালের সহকারী সুপার হাসিনুর রহমানকে ৪ লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ বসু জানান, মিজানুর রহমান ইউনানি প্রাকটিশিনার। কিন্তু তার কাছে হূদরোগ বিশেষজ্ঞ, পিএইচডিসহ বিভিন্ন সার্টিফিকেট আছে। তার পিএইচডি ডিগ্রি নিয়ে সন্দেহ আছে। তিনি ইউনানির ওপর পড়াশোনা করে অ্যালোপ্যাথিক মেডিসিনে প্রেসক্রাইব করতেন। কিন্তু তিনি অ্যালোপ্যাথিকে চিকিত্সা এবং ডাক্তার পরিচয় দিতে পারেন না। এজন্য তাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আর হাসপাতালের বিভিন্ন অনিয়মের কারণে সহকারী সুপার হাসিনুর রহমানকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।