সাভারের আশুলিয়ায় তিন মাসের বকেয়া বেতন ও কারখানা খুলে দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। গতকাল রবিবার সকালে আশুলিয়ার জামগড়া এলাকার নিট ওয়্যার লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা এ অবস্থান কর্মসূচি পালন করেন। শ্রমিকরা জানান, গত মার্চ মাস বেতন না দিয়েই কারখানা বন্ধ ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ। শনিবার সকালে কারখানা খোলার কথা থাকলেও কারখানায় গিয়ে শ্রমিকরা আবারও বন্ধের নোটিশ দেখতে পায়। সেই সঙ্গে শ্রমিকদের জানিয়ে দেওয়া হয় যেসব শ্রমিকের চাকরির বয়স এক বছর, শুধু তাদের বেতন প্রদান করা হবে। এ ঘোষণার পর আবারও কারখানা অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়। গত মার্চ মাসে ৩০ জন শ্রমিকের বেতন প্রদান করে এপ্রিল মাস থেকে কোনো প্রকার বেতন শ্রমিকদের প্রদান করেনি কারখানা কর্তৃপক্ষ।