টর্চার সেল থেকে আটক ৩

বিশেষ প্রতিনিধি

মোহাম্মদপুরের চাঁদ উদ্যান হাউজিং এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত সন্ত্রাসী পিচ্চি হেলালের সহযোগীসহ তিন জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার রাতে তাদের ‘টর্চার সেলে’ অভিযান চালিয়ে ঐ তিন জনকে আটক করা হয়। এরা হলেন—মফিজউদ্দিন মফিজ, আনোয়ার ও আরিফ। এর মধ্যে মফিজ পিচ্চি হেলালের সহযোগী হিসেবে এলাকায় চাঁদাবাজি, ভূমি দখল ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতেন। র্যাবের অভিযানে তাদের টর্চার সেল থেকে ১৪ বোতল ফেনসিডিল, বেশ কয়েকটি অস্ত্র, রামদা, হকিস্টিক, চাপাতি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে র্যাব-২ এর বিশেষ পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী জানান, মফিজউদ্দিন কুখ্যাত সন্ত্রাসী পিচ্চি হেলালের সহযোগী। এই এলাকায় যত ভূমি দখল হয় সব তারা নিয়ন্ত্রণ করত। আমরা মূলত ফেনসিডিলের চালান নিয়ন্ত্রণ ও বিতরণ করার অভিযোগে মফিজউদ্দিনকে জিজ্ঞাসাবাদ করতে তার কার্যালয়ে যাই। এ সময় তার কার্যালয় তল্লাশি করে ১৪ বোতল ফেনসিডিল পাই। তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদের সময় মফিজউদ্দিনের কোমরে অস্ত্র পাওয়া গেছে। অস্ত্রের লাইসেন্স থাকলেও ৫০ রাউন্ড গুলির মধ্যে ২৫ রাউন্ড ব্যবহার করেছেন। এছাড়া এসএমজির ছয় রাউন্ড গুলিও পাওয়া গেছে। র্যাবের এএসপি আরো জানান, কার্যালয়টি তারা টর্চার সেল হিসেবে ব্যবহার করতেন। চাঁদ উদ্যান, ঢাকা উদ্যানসহ বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করতেন মফিজউদ্দিন ও তার সহযোগীরা।