সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জে আজ শুরু হচ্ছে তিন দিনব্যাপী অনলাইন প্ল্যাটফরম ডিজিটাল মেলা-২০২০। গতকাল রবিবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসক অনলাইন প্রেস বিফিংয়ে এ তথ্য জানান। জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন জানান, আজ সকাল ১১টায় জাতীয়ভাবে এ মেলার উদ্বোধন করা হবে। ৩০ জুন সকাল ১১টায় ‘কোভিড-১৯ প্রতিরোধে প্রযুক্তিই হাতিয়ার’ শীর্ষক সেমিনার হবে জুম অ্যাপসের মাধ্যমে। সেখানে জেলার জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সুশীলসমাজের প্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধি, এনজিও কর্মী, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণমাধ্যমকর্মীদের সম্পৃক্ত করা কথা রয়েছে।
মেলা উপভোগ করতে এবং মেলায় উদ্বোধনী উদ্যোগ জমা দিতে জেলার তথ্য বাতায়নের লিংকে প্রবেশ করে ডান পাশে ডিজিটাল মেলা বারে ক্লিক করতে হবে। সেখানে একটি গুগল ফর্ম আসবে সেটির তথ্য পূরণ করে উদ্ভাবনী উদ্যোগের ছবি, সংক্ষিপ্ত ভিডিও, প্রেজেনটেশন এবং পিডিএফ আকারে উদ্ভাবনের বিবরণ সংযুক্ত করে জমা দিতে হবে। সেখান থেকে প্যানেল সেরা উদ্যোগ বাছাই ও সেটিকে পুরস্কৃত করা হবে। ডিজিটাল মেলা বারে মুজিব শতবর্ষ, ই-সেবা, ডিজিটাল সেন্টার ও অন্য সেবাসমূহ, কোভিড-১৯, বিভিন্ন স্টার্ট আপ ও তরুণ উদ্ভাবকদের উদ্যোগ, শিক্ষা ও কর্মসংস্থান ও জেলা ব্রান্ডিং এই সাত ধরনের প্যাভিলিয়নের ব্যবস্থা করা হয়েছে।