শুধু জরুরি প্রয়োজনে ভার্চুয়াল আদালতের পক্ষে সংসদীয় কমিটি

করোনা ভাইরাস মহামারির পরিপ্রেক্ষিতে যে ভার্চুয়াল আদালতের যাত্রা শুরু হয়েছে, তা সবক্ষেত্রে চালু না করে শুধু জরুরি প্রয়োজনে চালুর সুপারিশ করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। পরীক্ষানিরীক্ষা এবং আইন বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে এ সংক্রান্ত বিলের ওপর সুপারিশ চূড়ান্ত করেছে কমিটি। গতকাল রবিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে সুপারিশ চূড়ান্ত করা হয়।

বৈঠক শেষে সংসদীয় কমিটির সভাপতি আবদুল মতিন খসরু সাংবাদিকদের জানান, কমিটি সব ক্ষেত্রে ভার্চুয়াল আদালত চালানোর পক্ষে নয়। প্রয়োজনের তাগিদে এই আইনটি প্রয়োগ করার পক্ষে মত দিয়েছে কমিটি। মহামারি কিংবা নিরাপত্তার বিষয়সহ জরুরি ক্ষেত্রে উচ্চ আদালত এ আইন প্রয়োগ করবে বলে কমিটি সুপারিশ করেছে।

সংসদীয় কমিটির আমন্ত্রণে সাড়া দিয়ে আইন কমিশনের চেয়ারম্যান সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, জ্যেষ্ঠ আইনজীবী এম আমীর-উল ইসলাম, আব্দুল বাসেত মজুমদার, ইউসুফ হোসেন হুমায়ুনসহ কয়েক জন লিখিত মতামত পাঠিয়েছেন। আজ সোমবার বিলটি পাশের সুপারিশ করে এর ওপর প্রতিবেদন সংসদে উপস্থাপন করা হতে পারে।

কমিটির সভাপতি আবদুল মতিন খসরুর সভাপতিত্বে অনুষ্ঠিত গতকালের বৈঠকে কমিটির সদস্য আইনমন্ত্রী আনিসুল হক, মোস্তাফিজুর রহমান, আব্দুল মজিদ খান, শহীদুজ্জামান সরকার, শামীম হায়দার পাটোয়ারী ও গ্লোরিয়া ঝর্ণা সরকার অংশ নেন। লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব নরেন দাস, আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর বৈঠকে উপস্থিত ছিলেন।