দেশের হয়ে কোনো সাফল্য না থাকায় দিয়েগো ম্যারাডোনার চেয়ে লিওনেল মেসিকে পিছিয়ে রাখছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার জিকো।
ক্যারিয়ারে পাঁচবার ব্যালন ডি’অর জেতা মেসির চেয়ে বেশি বার বর্ষসেরা ফুটবলারের এই পুরস্কার জিততে পারেনি আর কেউই। বার্সেলোনার হয়ে এখন পর্যন্ত জিতেছেন ৩২টি শিরোপা। কাতালান ক্লাবটির সর্বকালের সেরা গোলদাতা চলতি মৌসুমে আছেন দারুণ ছন্দে। এ পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতা মিলে করেছেন ২১ গোল। ১৫ গোল নিয়ে লা লিগায় এখন পর্যন্ত গোলদাতার তালিকায় সবার উপরে আছেন বার্সেলোনা অধিনায়ক।
তবে জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত কোনো শিরোপার দেখা পাননি মেসি। বেশ কয়েকবার সাফল্যের খুব কাছে গেলেও অধরাই থেকে গেছে ট্রফি। ২০০৫ সালে জাতীয় দলে মেসির অভিষেক হওয়ার পর তিনবার কোপা আমেরিকার রানার্স-আপ হয় আর্জেন্টিনা। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে জার্মানির কাছে হারে তারা। ক্যারিয়ারে এ পর্যন্ত চারটি বিশ্বকাপ খেলেছেন মেসি। সর্বশেষ রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের কাছে হেরে শেষ ষোলো থেকে বিদায় নেয় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
তুলনামূলক কম তারকা সমৃদ্ধ দলকে সাফল্য এনে দেওয়ায় শ্রেষ্ঠত্বের প্রশ্নে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক ম্যারাডোনাকে তাই মেসির চেয়ে এগিয়ে রাখছেন জিকো। ব্রাজিল কিংবদন্তির ভাষায়, ‘মেসির মতোই ম্যারাডোনা তার ক্লাবগুলোর জন্য অনেক করেছে। একই সঙ্গে সে আর্জেন্টিনার জাতীয় দলের হয়েও সাফল্য পেয়েছে। ম্যারাডোনা ছিল একজন বিশ্ব চ্যাম্পিয়ন।’
জিকোর মতে বড় মঞ্চে জ্বলে ওঠার ক্ষমতাও মেসির চেয়ে ম্যারাডোনাকে এগিয়ে রাখছে। তিনি বলেন,‘ম্যারাডোনা সবসময় বড় প্রতিযোগিতায় খুব ভালো করত, আর তার সময়ে আর্জেন্টিনা এখনকার মতো ফেভারিট বা এত তারকা সমৃদ্ধ ছিল না।’ তিনি আরও বলেন, ‘এখন মেসি বার্সেলোনায় যেমন শক্তিশালী দলে খেলে, আমি মনে করি না যে ম্যারাডোনা তেমন দলে খেলত। মেসির পাশে আজ একজন জেরার্ড পিকে, একজন আন্দ্রেস ইনিয়েস্তা, একজন লুই সুয়ারেজ, একজন জাভি বা একজন নেইমার আছে, তার পাশে এমন কেউ ছিল না।’
-বিডিনিউজ