জুলাইয়ে খুলছে ইইউ সীমান্ত, যেতে পারবে না বাংলাদেশিরা

করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতির উন্নতি হওয়ায় এবার শেনজেন সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে চীন, মিয়ানমার, ভারতসহ বিশ্বের ৫৪টি দেশের নাগরিকরা শেনজেন জোনে প্রবেশ করতে পারবেন। তবে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

শেনজেন জোন মূলত ইউরোপীয় ইউনিয়নের আওতাভুক্ত ২২টি দেশ এবং এর বাইরের চারটি দেশ নিয়ে গঠিত। এটি ইইউর পাসপোর্ট ফ্রি জোন হিসেবে পরিচিত। এই সীমান্ত দিয়ে যেকোনো দেশের নাগরিক শেনজেনভুক্ত যেকোনো সদস্য দেশ সফর করতে পারেন। এমনকি এই সীমান্তে কোনো চেকপোস্টও নেই।

এক বিবৃতিতে ইইউ জানায়, প্রত্যেক দেশের মহামারি পরিস্থিতি, করোনার বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ, ভ্রমণের সময় সংক্রমণ নিয়ন্ত্রণের সক্ষমতা এবং ভ্রমণ সংক্রান্ত বিধি-নিষেধ প্রত্যাহার করা হয়েছে কি না, এসব বিষয় যাচাই করে এ তালিকা হালনাগাদ করা হয়েছে।

এর আগে গত ১১ জুন ইউরোপীয় কমিশনে শেনজেন সীমান্ত পুনরায় খুলে দেওয়ার বিষয়ে সুপারিশ উত্থাপন করা হয়। সুপারিশে বলা হয়, ইউরোপীয়রা মহামারির আগে শেনজেন অঞ্চলে যেভাবে অবাধ চলাচল করতে পারতেন, সীমান্ত খুলে দেয়া হলে যেন একইভাবে অবাধ চলাচল করতে পারেন। পাশাপাশি ইইউর সদস্য দেশগুলোতে তৃতীয় দেশের নাগরিকদের প্রবেশ করতে দেওয়া উচিত।