পুরান ঢাকায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ স্বামী গ্রেফতার

পুরান ঢাকার ওয়ারীতে রেশমা (২০) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে তার স্বামী রবিন হোসেনকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ওয়ারীর ৫৮ নম্বর গোয়ালঘাট লেনের ৬ষ্ঠ তলা থেকে ঐ গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়। এ ঘটনায় ওয়ারী থানায় ঐ গৃহবধূর বাবা মনু হাওলাদার একটি হত্যা মামলা করেছেন। তাদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ফুলকচি গ্রামে।

মামলার এজাহারে তিনি বলেছেন, আড়াই বছর আগে পরিবারকে না জানিয়ে  রেশমা ও রবিন বিয়ে করে। বিয়ের পর তারা ঢাকায় থাকা শুরু করে। শনিবার দুপুরে তার মেয়ে তাকে ফোন করে জানায়, দাম্পত্য কলহে রবিন তাকে মারধর করে। ঐদিন মাঝরাতে ঘরের ভেতরে রবিন তার মেয়ের গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। হত্যার সময় রেশমা বাঁচাও বাঁচাও বলে চিত্কার করে। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) শাহ ইফতেখার আহমেদ জানান, পার্লারে যাওয়ার জন্য টাকা চাওয়া নিয়ে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এই দাম্পত্য কলহে রেশমাকে শ্বাসরোধে হত্যার পর ঝুলিয়ে রাখে রবিন।