তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্য সম্প্রসারণে বেসিস জাপান ডেস্কের যাত্রা শুরু

মাহবুব শরীফ

 

শুরু হয়েছে বেসিস জাপান ডেস্কের আনুষ্ঠানিক যাত্রা। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান প্রধান অতিথি হিসেবে ডেস্কের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। ভার্চুয়াল এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম পিএএ, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো.জাফর উদ্দীন, জাপান দূতাবাসের রাষ্ট্রদুত ইতো নাওকি, টোকিওর বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউনি্সলর ড. আরিফুল হক,  জাইকার কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইউহো হায়াকাওয়াসহ আরও অনেকে উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে যোগদান করে বক্তব্য রাখেন।

বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর জাপান ও বাংলাদেশের মধ্যে দ্বি-পাক্ষিক সম্পর্ক, সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে অনুষ্ঠিত বিভিন্ন কার্যক্রম ও বাণিজ্য সম্ভাবনা বিষয়ে একটি উপস্থাপনা তুলে ধরেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বেসিসের প্রাক্তন সভাপতি মাহবুব জামান । ধন্যবাদ জ্ঞাপন করে সমাপনী বক্তব্য রাখেন, বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেসিস জাপান ফোকাস গ্রুপ-এর আহবায়ক এবং বেসিসের পরিচালক রাশাদ কবির।

প্রধান অতিথির বক্তব্যে সালমান এফ রহমান স্বাধীনতা উত্তর বাংলাদেশকে স্বীকৃতি প্রদান ও পুনর্গঠনে জাপানের অবদানের ভূয়ষী প্রশংসা করেন। উভয় দেশের পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করতে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের বাণিজ্য সম্প্রসারণে বেসিস জাপান ডেস্ক-এর উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, জাপানে বাজারে আমাদের ব্যবসা প্রসারের জাপানি ভাষা ভালোভাবে রপ্ত করা প্রয়োজন। এজন্য তরুণ উদ্যোক্তাদের জাপনি ভাষা শেখার জন্য বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম চালু করার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সফটওয়্যার একটি অদৃশ্য পণ্য হলেও সবসময় এমনকি করোনা মহামারির এই সময়েও এর প্রয়োজনীয়তা বহুলাংশে বৃদ্ধি পাচ্ছে। আগামীতে তথ্য প্রযুক্তিখাত দেশের সবচেয়ে বড় রপ্তানি খাত হিসেবে পরিচিতি পাবে এবং এ খাতে বিপুল সংখ্যক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বেসিস জাপান ডেস্কের পাশাপাশি জাপানের টোকিওতেও একটি বাংলাদেশ ডেস্ক খোলার ব্যাপারেও অবিলম্বে পদক্ষেপ গ্রহণের জন্য তিনি বেসিস-এর প্রতি আহ্বান জানান। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের কাছে বিস্তারিত কর্মপরিকল্পনা প্রস্তাব আকারে পেশ করার জন্য বেসিস সভাপতিকে পরামর্শ দেন।