সারাদেশে ৫৫ লাখ ৬২ হাজার হেক্টরে
রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা
বিমল সাহা, ভ্রাম্যমাণ প্রতিনিধি
চলতি মৌসুমে সারাদেশে ৫৫ লাখ ৬২ হাজার ৩৩৫ হেক্টরে রোপা আমন চাষের কর্মসূচি নিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আর রোপা আমনের উত্পাদন লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ১ কোটি ৪৯ লাখ ৮০ হাজার টন (চাল)। বাজারে ধানের দাম চড়া থাকায় চাষিরা আমন চাষে ঝুঁকেছে। অনেক স্থানে চারা রোপণ শুরু হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঢাকার খামারবাড়ী প্রধান কার্যালয় সূত্রে জানা যায়, ঢাকা অঞ্চলে ২ লাখ ৭৬ হাজার ৬৯৫ হেক্টরে রোপা আমন চাষ করা হবে। উত্পাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ লাখ ৫৮ হাজার ৯৩৭ টন। ময়মনসিংহ অঞ্চলে ৫ লাখ ৯৭ হাজার ৪৮৫ হেক্টরে চাষ করে ১৬ লাখ ২ হাজার ৭৯০ টন চাল উত্পাদন লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। কুমিল্লা অঞ্চলে চাষ করা হবে ১ লাখ ৮৯ হাজার ৬০ হেক্টরে। উত্পাদন লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ৫ লাখ ২১ হাজার ৪৩৭ টন। সিলেট অঞ্চলে চাষ লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ৪ লাখ ১ হাজার ৯৮৭ হেক্টরে। উত্পাদন লক্ষ্যমাত্রা ধরা হয়ে ১০ লাখ ৫৮ হাজার ৭৮৭ টন। চট্টগ্রাম অঞ্চলে চাষ করা হবে ৫ লাখ ৬৪ হাজার ৪৫৬ হেক্টরে। উত্পাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৫ লাখ ১৮ হাজার ৮২০ টন।
রাঙ্গামাটি অঞ্চলে চাষ লক্ষ্য ধার্য করা হয়েছে ৪৯ হাজার ৭২৫ হেক্টরে। উত্পাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৪০ হাজার ৭২ টন। রাজশাহী অঞ্চলে চাষ করা হবে ৩ লাখ ৪৯ হাজার হেক্টরে। উত্পাদন লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ১১ লাখ ৫০ টন। বগুড়া অঞ্চলে ৩ লাখ ৭১ হাজার ৬৩২ হেক্টরে রোপা আমন চাষ করে ১০ লাখ ৬৪ হাজার ২৫২ টন চাল উত্পাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। রংপুর অঞ্চলে ৬ লাখ ৫ হাজার ১৪০ হেক্টরে চাষ লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। উত্পাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৭ লাখ ১৯ হাজার ৮৮৮ টন। দিনাজপুর অঞ্চলে চাষ করা হবে ৪ লাখ ৯৫ হাজার ৬৫৩ হেক্টরে। উত্পাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৪ লাখ ৩৮ হাজার ১৫৩ টন।
যশোর অঞ্চলে চাষ করা হবে ৪ লাখ ৫৫ হাজার ৬৩০ হেক্টরে। উত্পাদন লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ১৩ লাখ ১১ হাজার ২৭৩ টন। খুলনা অঞ্চলে চাষ লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ২ লাখ ৯৭ হাজার ১৫০ হেক্টরে। উত্পাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ লাখ ৬৭ হাজার ২৬০ টন। বরিশাল অঞ্চলে চাষ করা হবে ৩ লাখ ৪০ হাজার ৯৪০ হেক্টরে। উত্পাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৫ লাখ ৭০ হাজার ১২৫ টন। ফরিদপুর অঞ্চলে চাষ লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ১ লাখ ৪৬ হাজার ৯২২ হেক্টরে। উত্পাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লাখ ৮ হাজার ২৫৩ টন।
এবার বোনা আমন চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ৩ লাখ ৩২ হাজার ৯১৫ হেক্টরে। আর উত্পাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৯৯ হাজার ৪৪২ টন। গত বছর ৩ লাখ ১২ হাজার ৭৬৬ হেক্টরে বোনা আমন চাষ হয়েছিল। আর উত্পাদনের পরিমাণ ছিল ৩ লাখ ৭৫ হাজার ৩৫৯ টন। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পাইকপাড়া গ্রামের চাষি আকমল হোসেন বলেন, বাজারে ধানের দাম চড়ে যাওয়ায় চাষিরা ধান চাষ বাড়িয়ে দিচ্ছে। তিনি ১০ বিঘাতে ধান চাষ করবেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক ফিল্ড সার্ভিস মো. আলহাজ উদ্দিন আহমেদ জানান, গত মৌসুমে (২০১৯-২০২০) সারাদেশে ৫৫ লাখ ৭১ হাজার হেক্টরে রোপা আমন চাষ হয়েছিল। উত্পাদনের পরিমাণ ছিল ১ কোটি ৫১ লাখ ৮ হাজার টন (চাল)। এবার রোপা আমন চাষে চাষিদের প্রণোদনা দেওয়া হচ্ছে। তিনি আরো জানান, এবার আউশ ধান চাষে ৩ লাখ ৮৩ হাজার ৪৩৪ জন চাষিকে প্রণোদনা হিসেবে বীজ ও সার দেওয়া হয়েছে। আর ৮২ হাজার ৪০০ চাষিকে শুধু বীজ দেওয়া হয়েছে।