বড়পুকুরিয়া কয়লাখনি
পার্বতীপুর (দিনাজপুর) সংবাদদাতা
দীর্ঘ চার মাস বন্ধের পর আগামী মাস থেকে আবারও উত্পাদনে যাচ্ছে বড়পুকুরিয়া কয়লাখনি। করোনার বিস্তার রোধে সরকারি নির্দেশনায় গত ২৬ মার্চ থেকে বন্ধ হয়ে যায় খনির কয়লা উত্পাদন। বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কামরুজ্জামান খান বলেন, কয়লাখনিতে কর্মরত ১ হাজার ১৪৭ জন বাংলাদেশি শ্রমিক। এসব শ্রমিক ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে চুক্তিভিত্তিক নিয়োজিত। তবে শ্রমিকেরা যেহেতু আমাদের তাই ঠিকাদারি প্রতিষ্ঠানকে একাধিকবার তাগিদ দিয়ে কয়লা উত্তোলনে ও বাংলাদেশি শ্রমিকদের কাজে যোগদানে রাজি করিয়েছি। তবে তারা করোনাকালীন সময়ের অর্ধেক বেতন পরিশোধ করতে রাজি হয়েছে। বাকি অর্ধেক বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি কর্তৃপক্ষ পরিশোধ করবে বলে জানান তিনি। তিনি আরো জানান, স্বাস্থ্যবিধি মেনে করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত যেসব শ্রমিক খনির অভ্যন্তরে থাকতে রাজি হবেন, কেবল তারাই আগামী ১ জুলাই থেকে খনিতে কাজে যোগদান করতে পারবেন। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে পুনরায় সব শ্রমিককে কাজে যোগদানের সুযোগ করে দেওয়া হবে।