ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা
ভাঙ্গুড়ায় করোনা ভাইরাসের নমুনা সংগ্রহের কিট সংকটের কারণে রোগী শনাক্তকরণে বিঘ্ন ঘটছে। গত ২৫ জুন থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি কোনো কিট নেই। এদিকে ইতিপূর্বে যাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়েছে তাদের রিপোর্ট পেতে ১৭/১৮ দিন পর্যন্ত সময় লাগছে। ফলে নতুন আক্রান্ত ব্যক্তিদের শনাক্ত করার কাজ যেমন বিলম্বিত হচ্ছে তেমনি করোনা উপসর্গ নিয়ে সাধারণ মানুষের মধ্যে অবাধ বিচরণের ঝুঁকিও বেড়েছে। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা খাতুন পাখি বলেন, তার স্বামীর করোনা উপসর্গের নমুনা পরীক্ষার জন্য পাঠানোর ১৭ দিন পর পজেটিভ রেজাল্ট পাওয়া যায়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানম টেস্ট রিপোর্ট বিলম্বে পাওয়ার কথা স্বীকার করে বলেন, আমরা কেবল নমুনা পাঠাতে পারি। কিন্তু রিপোর্ট দেয় ল্যাব। তিনি আরো জানান, অধিদপ্তরের কিট না থাকলেও স্থানীয় ব্যবস্থাপনায় রবিবার কিছু কিট সংগ্রহ করে ১২ জনের নমুনা নেওয়া হয়েছে।