গোপালগঞ্জে ২ হাজার মাদ্রাসাশিক্ষক বেতন পাচ্ছেন না ছয় মাস

গোপালগঞ্জ প্রতিনিধি

ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসার ২ হাজার শিক্ষক ছয় মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বেতন বন্ধ থাকায় শিক্ষকরা পরিবার-পরিজন নিয়ে বিপাকে পড়েছেন।

ঐ মাদ্রাসার গোপালগঞ্জ শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ইসলামিক ফাউন্ডেশনের অধীনে ২০১৭ সালে টুঙ্গিপাড়াসহ দেশের প্রতিটি উপজেলায় দুটি করে মোট ১ হাজার ১০টি দারুল আরকাম মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। আমরা গত ছয় মাস ধরে বেতন পাচ্ছি না। করোনা পরিস্থিতিতে কোনো সরকারি সাহায্য-সহযোগিতাও পাইনি। ঈদের আগে ভাগ্যে জোটেনি বোনাস। তাই পরিবার-পরিজন নিয়ে কষ্টে আছি।’

শিক্ষক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বলেন, মাদ্রাসাগুলো মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতাধীন। এ প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া দ্রুত এ প্রকল্প বাস্তবায়ন অসম্ভব।

গোপালগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের ডিডি মো. মাসউদুল হক বলেন, এই মাদ্রাসার শিক্ষকরা সরকারি প্রকল্পের আওতায় চাকরি করেন। নতুন প্রকল্প পাশ না হওয়ায় তাদের ছয় মাসের বেতন বন্ধ রয়েছে। একনেকে এ সংক্রান্ত নতুন প্রকল্প পাশ হলেই তারা আবার বেতন পাওয়া শুরু করবেন বলে জানতে পেরেছি।