পাকিস্তানে স্টক এক্সচেঞ্জে জঙ্গি হামলায় নিহত ৭

করাচিতে পাকিস্তান স্টক এক্সচেঞ্জে জঙ্গি হামলায় তিন বেসামরিক ব্যক্তিসহ সাত জন নিহত হয়েছেন। সোমবারের এ ঘটনায় নিরাপত্তা বাহিনী চার হামলাকারীর সবাইকে হত্যা করে।

ঘটনার পর সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ১০টার একটু আগে চার জঙ্গি তাদের গাড়ি থেকে নেমে গ্রেনেডের বিস্ফোরণ ঘটায়। এরপর স্টক এক্সচেঞ্জ ভবনে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চলায়। এতে অন্তত তিন জন বেসামরিক নিহত ও আরো বহু লোক আহত হয়েছেন। পুলিশ সার্জন কারার আহমেদ আব্বাসি জানান, পাঁচটি মৃতদেহ ও আহত সাত জনকে ডা. রুথ পফু সিভিল হাসপাতাল করাচিতে নেওয়া হয়েছে। খবর ডন নিউজের।

সিন্ধু রেঞ্জার্স বলেছে, হামলা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই পুলিশ ও রেঞ্জাসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। তারা হামলাকারী সবাইকে হত্যা করে। এরপর ঐ এলাকায় একটি ‘ক্লিয়ারেন্স অপারেশন’ চালানো হয় বলে জানিয়েছে তারা। ঘটনাস্থল থেকে অস্ত্র ও হ্যান্ড গ্রেনেড উদ্ধার করার কথাও জানানো হয়েছে।

পাকিস্তান স্টক এক্সচেঞ্জের (পিএসএক্স) ব্যবস্থাপনা পরিচালক ফাররুখ খান হামলার ঘটনাটিকে ‘গুরুতর ও দুর্ভাগ্যজনক’ বলে বর্ণনা করেছেন। করোনা ভাইরাসজনিত পরিস্থিতির কারণে স্টক এক্সচেঞ্জ ভবনে স্বাভাবিক সময়ের তুলনায় লোকজন কম ছিল বলে জিও নিউজকে জানিয়েছেন তিনি।

সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ্ ঘটনার নিন্দা জানিয়ে হামলাটিকে ‘জাতীয় নিরাপত্তা ও অর্থনীতির ওপর হামলার অনুরূপ’ বলে মন্তব্য করেছেন। এক বিবৃতিতে তিনি অভিযোগ করেছেন, ‘রাষ্ট্রবিরোধী পক্ষগুলো ভাইরাস পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করছে।’ হামলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশ ও রেঞ্জাসের প্রশংসা করেছেন তিনি। পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন। সিন্ধুর গভর্নর ইমরান ইসমাইলও হামলার নিন্দা জানিয়ে ‘যে কোনো মূল্যে সিন্ধুকে রক্ষা করবেন’ বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।