আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, সংকটে অসহায় মানুষের পাশে মানবিকতার হাত বাড়িয়ে দেওয়াই আওয়ামী লীগের ঐতিহ্য। গতকাল সোমবার দুপুরে টিএসসিতে ডাকসুর সদস্য তানভীর হাসান সৈকত কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও করোনার এই দুর্যোগে গত ১০০ দিন ধরে অসহায় ভাসমান মানুষের প্রতিদিন দুই বেলা খাবার বিতরণ কর্মসূচিতে তিনি বাসা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে একথা বলেন।
দুর্যোগে সবার আগে অসহায় মানুষের পাশে দাঁড়ায় আওয়ামী লীগ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, জন্মলগ্ন থেকে আজ অবধি বিগত সত্তর বছর মানুষের পাশে থেকে আস্থা অর্জন করেছে মাটি ও মানুষের দল আওয়ামী লীগ। ওবায়দুল কাদের বলেন, সরকারের পাশাপাশি আওয়ামী লীগ করোনা সংকটে সারাদেশের অসহায় কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়ে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি এ পর্যন্ত ১ কোটি ২৫ লাখেরও বেশি পরিবারকে খাদ্যসহায়তার পাশাপাশি ১০ কোটি টাকার বেশি নগদ অর্থ প্রদান করেছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, করোনা প্রতিরোধে চশমা, মাস্ক, পিপিই, সাবান, সেনিটাইজার, স্প্রে মেশিনসহ বিভিন্ন সুরক্ষাসামগ্রী বিতরণ করেছে।