করোনায় আক্রান্ত হয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের স্ত্রী লায়লা আরজুমান্দ বানু (৭১) মারা গেছেন। গতকাল সোমবার সকাল পৌনে ৮টায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিত্সাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্বামী, দুই মেয়ে, এক ছেলে, ছয় জন নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
লায়লা আরজুমান্দ বানুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পৃথক শোকবার্তায় তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া শোক জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ প্রমুখ।
১২ জুন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানুর করোনা ধরা পড়ে। ১৩ জুন উভয়েই সিএমএইচে ভর্তি হন। মন্ত্রী সুস্থ হয়ে বাসায় ফিরলেও লায়লা আরজুমান্দের অবস্থা গুরুতর হওয়ায় তিনি সিএমএইচে চিকিত্সাধীন ছিলেন। মরহুমার জানাজা সোমবার বাদ জোহর গাজীপুর বায়তুল মোয়াজ্জম (গোরস্থান) জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরে তাকে গাজীপুর সিটি করপোরেশনের কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়।
বিভিন্ন মহলের শোক
লায়লা আরজুমান্দ বানুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। এছাড়া তার মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, গাজীপুর সিটি মেয়র মো. জাহাঙ্গীর আলম, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ এমপি, মেহের আফরোজ চুমকি এমপি, সিমিন হোসেন রিমি এমপি, বেগম সামসুন্নাহার ভূইয়া এমপি, গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আখতারউজ্জামান, কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট রীনা পারভীন গভীর শোক প্রকাশ করেছেন।
জেপির শোক
জতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জামেল হকের স্ত্রী লায়লা আরজুমান্দ বানুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক বার্তায় নেতৃদ্বয় মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।