এভারগ্রিন কর্তৃপক্ষের দাবি ১৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি ৩৫০ জনের বিরুদ্ধে মামলা

নীলফামারীর উত্তরা ইপিজেডের এভারগ্রিন ফ্যাক্টরি লিমিটেডের শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সংবাদ সম্মেলন করেছে পরচুলা উত্পাদনকারী বিদেশি প্রতিষ্ঠানটি। গত রবিবার বিকালে প্রতিষ্ঠানটির সম্মেলন কক্ষে ঐ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।          এর আগে গত রবিবার ইত্তেফাকে ‘নীলফামারীতে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ-অগ্নিসংযোগ’ শিরোনামে সচিত্র সংবাদ প্রকাশিত হয়।

সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও চেয়ারম্যান ফিলিক্স ওয়াই সি চ্যাঙ গত শনিবারের ঐ ঘটনাটিকে শ্রমিক আন্দোলনের আড়ালে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, কার্যালয়ের নিয়মিত কার্যক্রম শুরুর আগেই সকাল সাড়ে ৬টার দিকে সহিংসতা শুরু হয়। একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে শ্রমিকদের আন্দোলনকে পুঁজি করে কারখানায় ভাঙচুর, অগ্নিসংযোগ, সিসি ক্যামেরা ও কম্পিউটার ধ্বংস করে ভোল্টে রাখা টাকা নিয়ে যায়। যারা এ কাজটি করেছেন তারা কেউ শ্রমিক না। কারণ তারা ঐ ধ্বংসযজ্ঞ চালানোর সময় হামলা করেছেন কর্মকর্তা ও কর্মচারীদের ওপর। হামলার শিকার কর্মকর্তা-কর্মচারীরা সব শ্রমিকদের চেনে।