সরকারি ব্যবস্থাপনায় করোনার নমুনা পরীক্ষার জন্য ফির হার নির্ধারণ করে পরিপত্র জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, বুথ থেকে এবং হাসপাতালে ভর্তি রোগীর নমুনা পরীক্ষার ক্ষেত্রে ২০০ টাকা করে দিতে হবে। আর বাসা থেকে নমুনা সংগ্রহ করলে ফি হবে ৫০০ টাকা। গতকাল সোমবার স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব ড. নার্গিস বেগম স্বাক্ষরিত ঐ পরিপত্রে বলা হয়, সব সরকারি হাসপাতালে খুব শিগিগরই এ নির্দেশনা কার্যকর করা হবে।
স্বাস্থ্যসেবা বিভাগ বলছে, কোভিড-১৯ শনাক্তে আরটিপিসিআর টেস্ট বর্তমানে বিনা মূল্যে করছে সরকার। এ কারণে কোনো উপসর্গ ছাড়াই অধিকাংশ মানুষ এ পরীক্ষা করানোর সুযোগ নিচ্ছে। এ অবস্থায় সুষ্ঠু ব্যবস্থাপনার নিমিত্তে অপ্রয়োজনীয় কোভিড-১৯ টেস্ট পরিহার করার লক্ষ্যে এ ফি নির্ধারণ করা হয়েছে। পরীক্ষার ফি বাবদ আদায় করা অর্থ সরকারি কোষাগারে জমা করা হবে। তবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের চিকিত্সা সংক্রান্ত সব সুযোগ-সুবিধা এবং মুক্তিযোদ্ধা, দুস্থ ও গরিব রোগীদের চিকিত্সা ও রোগ নির্ণয়ের পরীক্ষা সংক্রান্ত আগের সরকারি আদেশ বহাল থাকবে বলে জানানো হয়েছে পরিপত্রে।
এক দিনে সর্বোচ্চ ৪০১৪ জন শনাক্ত, মৃত্যু ৪৫
এদিকে দেশে আবার এক দিনে ৪ হাজার পেরোল করোনা ভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশের ৬৫টি পরীক্ষাগারে ১৭ হাজার ৮৩৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৪ হাজার ১৪ জন। এক দিনে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ। সব মিলিয়ে শনাক্ত হয়েছে ১ লাখ ৪১ হাজার ৮০১ জন। এর আগে দেশে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড ছিল গত ১৭ জুন। ঐ দিন শনাক্ত হয়েছিল ৪ হাজার ৮ জন। দেশে করোনা শনাক্তের ১১৪তম দিনে নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২ দশমিক ৫০ শতাংশ।
গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরো ৪৫ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত এই ভাইরাসে দেশে মোট ১ হাজার ৭৮৩ জন মারা গেছেন। শনাক্তের বিবেচনায় গতকাল মৃত্যুর হার ১ দশমিক ২৬ শতাংশ। নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা সোমবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।
তিনি জানান, করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২ হাজার ৫৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৭ হাজার ৭৮০ জন। গতকাল শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৭৫ শতাংশ।