প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় সংসদে জরুরি ভিত্তিতে ৪ হাজার নার্স নিয়োগের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে নির্দেশনার ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ)। বিএনএর যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান জুয়েল স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ ঘোষণাকে স্বাগত জানান তারা। এতে বলা হয়, প্রধানমন্ত্রীর এই ঐতিহাসিক ঘোষণায় আমরা আনন্দিত ও গর্বিত। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাচ্ছি। কৃতজ্ঞতা জানাচ্ছি স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক স্বপন এমপিকে। এতে আরো বলা হয়, বরাবরের মতোই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নার্সদের প্রতি সহানুভূতিশীল, জাতীয় সংসদে বক্তব্যের মাধ্যমে তা আবারও প্রমাণ করলেন। প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে নানান প্রতিকূলতা সত্ত্বেও নার্সরা জীবনের ঝুঁকি নিয়ে কোভিড ডেডিকেটেড সেন্টারগুলোতে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। বিবৃতিদাতা নেতারা হলেন, বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি ইসমত আরা পারভীন, মহাসচিব মো. জামাল উদ্দিন বাদশা, স্বাধীনতা নার্সেস পরিষদ (স্বানাপ) সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, বিএনএ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল শাখার সভাপতি মোহাম্মদ কামাল হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান জুয়েল, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল শাখা বিএনএর সভাপতি জরিনা খাতুন, সাধারণ সম্পাদক মাহমুদা পারভীন।