কুয়েতে মানব পাচারের অভিযোগে আটক লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল এবার এনআরবিসি ব্যাংকের পরিচালক পদ হারিয়েছেন। গত শনিবার অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি এই ব্যাংকের ভাইস চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। এই ব্যাংকে পাপুল এনআরবি কমার্শিয়াল ব্যাংকের অন্যতম উদ্যোক্তা পরিচালক। বর্তমানে তার শেয়ার রয়েছে প্রায় দুই কোটি ৩২ লাখ। তাকে পরিচালক পদ থেকে সরিয়ে দেওয়া হলেও দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত ব্যাংকটিতে তার শেয়ার থাকবে। ব্যাংক প্রতিষ্ঠার শুরুতে পাপুল পরিচালকের বাইরে কোনো পদে না থাকলেও ২০১৭ সালের শেষ দিকে বিভিন্ন কারণে ব্যাংকটির পরিচালনা ও ব্যবস্থাপনায় ব্যাপক পরিবর্তন আসে। এ সময় সামনে আসেন তিনি। এরপর থেকে তিনি ব্যাংকটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।