কয়েক শ লোক নিয়ে ইউএনওর বৃক্ষরোপণ ও ভূরিভোজ

করোনা ভাইরাসের মহামারির মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বাস্থ্য বিভাগের নির্দেশিত স্বাস্থ্যবিধি না মেনেই কয়েক শ স্বেচ্ছাসেবক নিয়ে বৃক্ষরোপণ ও ভূরিভোজ করার অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুল ইসলামের বিরুদ্ধে।

সোনারগাঁ উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৬টি স্বেচ্ছাসেবী সংগঠনের দেড় শতাধিক স্বেচ্ছাসেবককে নিয়ে শনিবার উপজেলার নুনেরটেক এলাকায় ৭০০ বৃক্ষরোপণ করেন ইউএনও সাইদুল ইসলাম। এ উপলক্ষ্যে প্যান্ডেল ও মঞ্চ বানিয়ে আলোচনাসভাও করা হয়। বৃক্ষরোপণ শেষে প্রায় সাড়ে ৩০০ জনের ভূরিভোজেরও আয়োজন করা হয়েছিল। স্থানীয়দের অভিযোগ, বৃক্ষরোপণসহ অন্যান্য কার্যক্রমের সময় বেশির ভাগেরই মুখে মাস্ক ছিল না। সামজিক দূরত্বও বজায় রাখা হয়নি। সকাল-সন্ধ্যার এই আয়োজনে আগতদের জন্য ছিল দলীয় ফটোসেশন, গোসল, নাচ ও গানের ব্যবস্থাও। ইউএনওর নেতৃত্বে সামাজিক দূরত্ব না মেনে এসব কার্যক্রমের ছবি ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল হয়ে গেছে।

বিষয়টি সম্পর্কে ইউএনও সাইদুল ইসলাম রবিবার ইত্তেফাককে বলেন, ‘উপজেলা সদর থেকে অনেক দূরে অবস্থিত একটি দ্বীপ বালুখেকোদের কবল থেকে রক্ষায় স্বেচ্ছাসেবকদের নিয়ে বিভিন্ন জাতের গাছ লাগানো হয়েছে। মূলত, বালুখেকোরাই বিষয়টিকে ভিন্নভাবে ব্যাখ্যা করছে।’ আর শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের খাওয়ানোর বিষয়টি তো অপরাধ হতে পারে না।’