রাষ্ট্রায়ত্ত পাটকলে গোল্ডেন হ্যান্ডশেক প্রক্রিয়ায় অবসায়নের বিষয়ে সরকারের নেওয়া সিদ্ধান্ত শ্রমিকদের শান্তিপূর্ণভাবে মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।
শ্রমিকরা সরকারের এ সিদ্ধান্ত শান্তিপূর্ণভাবে মেনে নেবেন এবং সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগিতা করবেন বলে আশা করেন তিনি। শ্রম প্রতিমন্ত্রী বলেন, সরকারের এ সিদ্ধান্তের ফলে অবসায়নের পর মিলগুলো সরকারি নিয়ন্ত্রণে পিপিপি (সরকারি-বেসরকারি উদ্যোগ) বা লিজ মডেলে পরিচালনার উদ্যোগ নেওয়া হবে। নতুন মডেলে পুনরায় চালু হলে অবসায়নকৃত বর্তমান শ্রমিকরা অগ্রাধিকার ভিত্তিতে কাজের সুযোগ পাবেন।
এ সময় তিনি বলেন, সরকার ঘোষণা অনুযায়ী ২০১৪ সাল হতে অবসরপ্রাপ্ত শ্রমিকদের প্রাপ্য সব বকেয়া, বর্তমানে কর্মরত শ্রমিকদের প্রাপ্য বকেয়া মজুরি, শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড জমা, গ্র্যাচুইটি এবং সে সঙ্গে গ্র্যাচুইটির সর্বোচ্চ ২৭ শতাংশ হারে অবসায়ন সুবিধা একসঙ্গে আগামী সেপ্টেম্বরে শতভাগ পরিশোধ করবে। এজন্য সরকার আগামী অর্থবছরের বাজেট হতে প্রায় ৫ হাজার কোটি টাকা প্রদান করবে।